শেরপুরে 'লুকিং গ্লাস' তুলতে গিয়ে গাড়িচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে মাইক্রোবাস থেকে খসে পড়া লুকিং গ্লাস তুলতে গিয়ে অন্য গাড়ির চাপায় মৃত্যু হয়েছে চালকের। আজ বুধবার ভোররাত পৌনে চারটায় উপজেলার শেরপুর কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালকের নাম সাইফুর রহমান (৩৫)। তাঁর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার সরকারপাড়া গ্রামে।

এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বগুড়ার হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী।

প্রত্যক্ষদর্শী ও মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য জানিয়ে এসআই প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসটি ওই সময় কুড়িগ্রামে যাচ্ছিল। কলেজ রোড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের একটি লুকিং গ্লাস গাড়ি থেকে খসে মহাসড়কে পড়ে। টের পেয়ে মাইক্রোবাসের চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে লুকিং গ্লাসটি তুলে আনতে যান। এ সময় বগুড়াগামী আরেকটি গাড়ি দ্রুতগতিতে এসে সাইফুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই জানান, আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আজ বেলা দুইটায় নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।