শেরপুরের আট বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই, দুর্ভোগ
বগুড়ার শেরপুরে মহাসড়কের আটটি বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসযাত্রীদের। বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের প্রতিদিনই প্রখর রোদে পুড়তে ও একটু বৃষ্টি হলেই ভিজতে হচ্ছে।
গত বুধবার ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কোলে শিশু নিয়ে গাড়িদহ বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন জাহানারা খাতুন। তিনি বলেন, ‘একটি যাত্রীছাউনি থাকলে শিশুটিকে নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো না। জনপ্রতিনিধিরা কেন জনগণের সমস্যার দিকে নজর দেন না তা বুঝি না।’ একই দিন বিকেলে শহরের করতোয়া বাসস্ট্যান্ডে বাসের জন্য অপক্ষোরত আরেক যাত্রী আফরুজা বেগম জানান, প্রখর রোদে ও বৃষ্টির মধ্যে তাঁদের বাসের জন্য অপেক্ষায় থাকতে হয়। এ কারণে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একই ধরনের কথা বলেন বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ একাধিক যাত্রী সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার আটটি স্থানে যাত্রীবাহী বাসে লোকজন উঠানামা করে থাকে। এগুলো হলো দশমাইল, গাড়িদহ, কলেজ রোড, করতোয়া বাসস্ট্যান্ড, ধুনটরোড বাসস্ট্যান্ড, মির্জাপুর, ছোনকা ও সীমাবাড়ী বাসস্ট্যান্ড। এসব বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই। উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোনায়েম খান জানান, মহাসড়ক তৈরির সময় মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি যাত্রীছাউনি তৈরি করা হয়। এ জন্য ওই যাত্রীছাউনিটি জনগণের কোনো কাজে আসছে না। সীমাবাড়ী ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার জানান, একটি স্থায়ী যাত্রীছাউনি নির্মাণে যে অর্থের প্রয়োজন তা ব্যয় করার মতো অর্থ ইউনিয়ন পরিষদের নেই। তবে তিনি দাবি করেন উপজেলা পরিষদের উদ্যোগে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তা দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব। উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান জনসমস্যার কথা নিশ্চিত করে বলেন, ‘আগামী অর্থবছরে উপজেলা পরিষদের উদ্যোগে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেব।’