শেরপুরের ছয় সড়কের কাজ বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ছয়টি সড়ক পাকা করার কাজ মাঝপথে থেমে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকার লোকজনের অভিযোগ, সড়কগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য একাধিকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নের অংশ হিসেবে ২০০৯-১০ অর্থবছরে উপজেলার ঘুটুবটতলা থেকে আড়ংশাইল পর্যন্ত এক কিলোমিটার, ফুলবাড়ী বাজার থেকে খামারকান্দি ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৫০০ মিটার সড়কের কাজ শুরু হয়। পরের বছর বড়াইদহ বাসাবাড়ী হয়ে বেলগাড়ি গ্যাস পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার, শেরপুর গ্রোথ সেন্টার থেকে খানপুর ইউপি পর্যন্ত দ্বিতীয় অংশের ৫০০ মিটার, বিনোদপুর হাট থেকে গোয়ালজানি সাতাড়া পর্যন্ত সাড়ে ৭০০ মিটার ও খামারকান্দি ইউপি থেকে পারভবানীপুর বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করার প্রকল্প শুরু হয়।উপজেলা প্রকৌশল কার্যালয়ের হিসাবরক্ষক হারুন অর রশিদ চৌধুরী জানান, ওই ছয়টি সড়কের মধ্যে ফুলবাড়ী থেকে খামারকান্দি ইউপি পর্যন্ত সড়কের কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। বড়াইদহ বাসাবাড়ী হয়ে বেলগাড়ি গ্যাস পয়েন্ট পর্যন্ত সড়কের কাজের অগ্রগতি ৪০ ভাগ দেখানো হয়। বিনোদপুর হাট থেকে গোয়ালজানি সাতাড়া পর্যন্ত সড়কের কাজ ৪০ ভাগ শেষ দেখানো হয়েছে। শেরপুর গ্রোথ সেন্টার থেকে খানপুর ইউপি পর্যন্ত দ্বিতীয় অংশ সড়কের ১৭ লাখ ৫১ হাজার টাকা কাজের ৭০ ভাগ শেষ হয়েছে বলে দেখানো হয়েছে। ঘুটুবটতলা থেকে আড়ংশাইল পর্যন্ত ৩৬ লাখ ৯ হাজার টাকার সড়কের কাজের অগ্রগতি মাত্র ২০ ভাগ ও খামারকান্দি ইউপি থেকে পারভবানীপুর বাজার পর্যন্ত সড়কের অগ্রগতি মাত্র ১৫ ভাগ। তবে এই দুই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো টাকা দেওয়া হয়নি। এসব প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ এখনো শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।উপসহকারী প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোককে এক থেকে দেড় বছর ধরে পাওয়া যাচ্ছে না। কাজ শেষ করার জন্য ইতিমধ্যে লিখিতভাবে তাঁদের তাগাদা দেওয়া হয়েছে। তবুও তাঁরা কাজ শুরু করেননি।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম ছয়টি সড়কের উন্নয়নকাজ যথাসময়ে শেষ না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে জনগণের দুর্ভোগ বেড়েছে। তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উল্লেখিত সড়কগুলোর উন্নয়নকাজের বিষয় নিয়ে অবগত করেছেন।