শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হলেন শ্রমিক

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. ইসরাফিল (২৮) নামের এক বালুশ্রমিক নিহত হয়েছেন। ইসরাফিল উপজেলার কাংশা ইউনিয়নের জোকাকুড়া গ্রামের সওদাগর আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাওয়াকুচা এলাকায় ঝিনাইগাতী-বালিজুড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে ইসরাফিল বালু তোলার কাজ করার জন্য কয়েকজন শ্রমিকের সঙ্গে একটি ট্রাক্টরে চড়ে সোমেশ্বরী নদীর বালিজুড়ী বালুমহালে যাচ্ছিলেন। ট্রাক্টরটি তাওয়াকুচা এলাকায় পৌঁছালে ইসরাফিলের হাতে থাকা তাঁর দুপুরের খাবারের টিফিন বাক্সটি নিচে পড়ে যায়। পড়ে যাওয়া টিফিন বাক্সটি তুলতে গিয়ে অসাবধানতাবশত তিনিও ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এ সময় ওই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন।