শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় সীমান্তে বুনো হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি মরা বুনো হাতি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রাম থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ ভোরে ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের একটি মাঠে কয়েকজন এলাকাবাসী একটি মরা বুনো হাতি পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের তাওয়াকুচা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহ উদ্ধার করেন।
বন বিভাগের তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম আজ সকালে প্রথম আলোকে বলেন, মৃত হাতিটির বয়স ১২ থেকে ১৫ বছর হবে। এটি দাঁতাল মাদি হাতি। হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে এটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর এটিকে মাটিচাপা দেওয়া হবে বলে জানান মো. আশরাফুল আলম।
এ নিয়ে গত এক বছরে বন বিভাগ ঝিনাইগাতী-শ্রীবরদী গারো পাহাড় সীমান্তে ছয়টি হাতির মরদেহ উদ্ধার করা হলো। এর আগে চলতি বছরের ১ মে ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধীগাঁও গ্রাম থেকে একটি, গত বছরের ১২ আগস্ট ও ১৮ অক্টোবর হালুয়াহাটি ও হালচাটি গ্রাম থেকে দুটি এবং ওই বছরের ৬ ও ৮ অক্টোবর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রাঙাজান ও বালিজুড়ী গ্রামের ধানখেত থেকে দুটি হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।