শেরপুরের তিন ইউপিতে কৃষি দপ্তর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী, সুঘাট ও সীমাবাড়ী ইউনিয়নে কৃষি বিভাগের দপ্তর না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন কৃষকেরা। ওই তিন ইউনিয়নে কৃষকের সংখ্যা ১৮ হাজার ৫২১ জন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার অন্য সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে কৃষি বিভাগের জন্য কক্ষ বরাদ্দ রয়েছে। এসব ইউনিয়নের ২১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা দাপ্তরিক কার্যক্রম সেখান থেকেই পরিচালনা করে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সীমাবাড়ী ও সুঘাট ইউনিয়নের কৃষি বিভাগের কার্যালয় পরিত্যক্ত। ময়লা-আবর্জনায় ভবন দুটি ভরে রয়েছে। পাশের চারজন বাসিন্দা বলেন, প্রায় ২০-২৫ বছর আগে ভবনগুলো তৈরি করা হয়েছিল।

ওই সময়ে ভবনে থাকতেন ইউনিয়নে নিয়োজিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ভবনগুলো সময়মতো সংস্কার না করায় এখন আর ব্যবহার হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান বলেন, ওই দুটি ভবন সংস্কারের জন্য তাঁর দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো আদেশ-নির্দেশ পাওয়া যায়নি। তিনি দাবি করেন, ওই দুটি ভবন মাঝেমধ্যে কিছু ব্যক্তি অবৈধভাবে ব্যবহারের চেষ্টা করেন।

সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের কৃষক আসলাম হোসেন বলেন, ইউনিয়নে কৃষি বিভাগের কার্যালয় না থাকায় কর্মকর্তাদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না।

সুঘাট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম বলেন, তাঁদের দাপ্তরিক কর্মকাণ্ড অনেক সময় স্থানীয় বাজারগুলোয় বসে করতে হয়। স্থানীয় কৃষকদের চাষাবাদে সমস্যা নিয়ে এভাবেই তিনি পরামর্শ দিয়ে থাকেন। শাহবন্দেগী ইউনিয়নের সোমা মাহজাবীন বলেন, নিজস্ব দপ্তর না থাকায় কৃষকেরা সরাসরি তাঁদের কাছে আসতে পারেন না।

সমস্যা নিয়ে কৃষকেরা তাঁদের মুঠোফোনে অনেক সময় যোগাযোগ করেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করতে হচ্ছে নিজ বাড়িতে।

কৃষি কর্মকর্তা খোরশেদ আলম আরও বলেন, সীমাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিজস্ব দপ্তর থাকলে কৃষকেরা সমস্যা নিয়ে তাঁদের কাছে আরও দ্রুত আসতে পারবেন।