শেরপুরের তিন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের চারটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁরা মনোনয়নপত্র জমা দেবেন। নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদীতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা নির্বাচন করবেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন শেরপুর পৌরসভায় সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, নালিতাবাড়ীতে পৌর কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নকলায় উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও শ্রীবরদীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাইদ। এ ছাড়া শ্রীবরদীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল্লাহ শাহী; নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম ও বিএনপি নেতা শামছুল আলম সওদাগর এবং নকলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী স্বতন্ত্র নির্বাচন করবেন।
আলমগীর হোসেন ও আবদুল হালিম জানান, দল মনোনয়ন না দেওয়ায় তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বিএনপি সূত্র জানায়, দলের মনোনীত প্রার্থীরা হলেন শেরপুরে সাবেক মেয়র ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক আশীষ, নালিতাবাড়ীতে বর্তমান মেয়র আনোয়ার হোসেন, নকলায় পৌর কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও শ্রীবরদীতে উপজেলা কমিটির আহ্বায়ক ও বর্তমান মেয়র আবদুল হাকিম। এ ছাড়া পৌরসভার প্যানেল মেয়র শফিউল আলম ও আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তাঁরা দুজন বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। দুজনই নির্বাচন করার কথা জানিয়েছেন।