শেরপুরের দর্জিবাড়িগুলো সরগরম
ঈদ কড়া নাড়ছে দুয়ারে। আর মাত্র কয়েক দিন বাকি। ঈদে অন্য অনেক কিছুর সঙ্গে চাই নতুন জামাকাপড়। ঈদের মৌসুমে তাই দর্জিবাড়িগুলো সরগরম হয়ে ওঠে। শেরপুর শহরের চিত্রও এর ব্যতিক্রম নয়। এ শহরের দর্জির কারিগরেরা এখন শশব্যস্ত। তাঁদের সেলাই মেশিনগুলো চলছে ঝনঝন শব্দ তুলে। বাড়তি রোজগারের এই তো সময়। তাই দিন-রাত তাঁদের এই খেটে চলা।শেরপুর দর্জি মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নেপাল চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, শেরপুর জেলা শহরে ২৮টি দর্জির দোকানে প্রায় ২০০ কারিগর রয়েছেন। তৈরি পোশাকের রমরমা ব্যবসার এ যুগেও বহু মানুষ দর্জিবাড়িতে আসেন—এটাই আশ্চর্যের ঘটনা।শহরের মুন্সীবাজার, নয়আনী বাজার ও নিউমার্কেট এলাকার কয়েকটি দর্জিবাড়িতে গত সোম ও মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা গেছে, সেখানে নানা বয়সী মানুষের ভিড়। কাটিং মাস্টাররা ব্যস্ত মাপজোক নিতে আর কাপড় কাটতে। জানা গেছে, পুরুষদের প্যান্ট, জামা ও পাঞ্জাবি তৈরির পাশাপাশি নারীদের সালোয়ার-কামিজ ও বোরকা এবং শিশুদের নানা ধরনের পোশাক তৈরির ধুম চলছে এখন। রমজান মাসের শুরু থেকেই দর্জিবাড়িগুলোতে ঈদের পোশাকের ফরমায়েশ নেওয়া হয়। এখনো আসছে। তবে বড় দোকানগুলোতে এরই মধ্যে ফরমায়েশ নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট ও মাঝারি দর্জিবাড়িগুলোতে ২২ রোজা পর্যন্ত ফরমায়েশ নেওয়া হয়।সদর উপজেলার তিরছা গ্রামের মো. মজিবর রহমান বলেন, তাঁর নিজের ও ছেলেমেয়েদের জন্য কাপড় কিনেছিলেন। শহরের একটি নামকরা দর্জিবাড়িতে সেগুলো বানানোর ইচ্ছা ছিল তাঁর, কিন্তু সে সুযোগ পাওয়া যায়নি। নতুন করে ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে গেছে। পরে তাঁকে তৈরি পোশাক কিনতে হয়েছে।পৌর নিউমার্কেটের জননী টেইলার্সে প্যান্ট ও জামা বানাতে আসা নবীনগর মহল্লার পল্লি চিকিত্সক মো. ওবায়দুল ইসলাম বলেন, তৈরি পোশাক কিনলে ঠিকমতো ফিট হয় না। কিন্তু কাপড় কিনে পোশাক বানালে তা মনমতো হয়, গুণগত মানও ভালো হয়।শহরের নয়আনী বাজারের তৃপ্তি টেইলার্সে পোশাক বানাতে আসা গৃহিণী ফারজানা শারমীন বলেন, ‘নিজের জন্য থ্রি পিস, ব্লাউজ, ম্যাক্সি ও বাচ্চার জন্য ফতুয়া বানাতে দিয়েছি। কাপড় কিনে বানালে খরচ অনেক কম পড়ে।’শহরের জনপ্রিয় দর্জিবাড়ি ইয়োলো টেইলার্সের কাটিং মাস্টার জাকির হোসেন বলেন, ১০ রোজার পর থেকে তাঁদের দোকানে ফরমায়েশ নেওয়া আর সম্ভব হয়নি। এর কারণ, একদিকে কাজের চাপ, অন্যদিকে কারিগরের সংকট। এখন সকাল নয়টা থেকে সেহির পর্যন্ত কাজ করতে হচ্ছে। কারিগরেরা প্রচণ্ড গরম ও মশার উত্পাতের কারণে রাতে কাজ করতে অনেক ভোগান্তি পোহান। চাহিদা বেশি, তাই কাজ করতে হয়, উপায় নেই।কারিগরদেরও নেই দম ফেলার মতো সময়। তাঁদের সেলাই মেশিনগুলো চলছে ঝনঝন শব্দ তোলে। বাড়তি কিছু রোজগারের এই তো মৌসুম। পৌর শহরের জননী টেইলার্সের জ্যেষ্ঠ দর্জি কারিগর বিপ্লব চন্দ্র দাস বলেন, এখন ঈদের মৌসুমে ফরমায়েশ বেশি পাওয়া যায়। রাত আড়াইটা-তিনটা পর্যন্ত কাজ করতে হয়। বাড়তি কাজ করলে বাড়তি পারিশ্রমিক পাওয়া যায়। এ ছাড়া মালিকের সামর্থ্য অনুযায়ী ঈদ বোনাসও কিছু পাওয়া যায়।এশিয়া টেইলার্সের কারিগর মো. রহিজ উদ্দিন বলেন, ‘আমাদের পারিশ্রমিক দেওয়া হয় কাজের ওপর। তাই আমরা যত বেশি কাজ করব, তত বেশি পারিশ্রমিক পাব। বাড়তি পারিশ্রমিকের আশায় রাত প্রায় চারটা পর্যন্ত কাজ করি।’কারিগর মো. মুরাদ হোসেন বলেন, ‘অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। এতে শরীরের ওপর খুব চাপ পড়ে। বিদ্যুৎ চলে গেলে দুর্ভোগের সীমা থাকে না, গরমে ভুগি। এর ওপর সময়মতো পোশাক সরবরাহ করা যাবে কি না, এ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। তার পরও এই ঈদের মৌসুমেই একটু বাড়তি কামাই হয়। এতে ভালোই লাগে। আমরাও শেষমেশ বউ-ছেলেমেয়ে নিয়ে ঈদের আনন্দে মেতে উঠি।’