শেরপুরের নালিতাবাড়ীতে শিবিরের ৩ নেতার কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আবু মাসুম ওরফে মাসুম বিল্লাহ (৩০), পূর্ব চাঁদগাঁও গ্রামের দেলোয়ার হোসেন (২৫) ও রবিউল ইসলাম (২০)। মাসুম নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, দেলোয়ার সাধারণ সম্পাদক আর রবিউল দলের সক্রিয় কর্মী।
শেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এম এ নূর আজ সোমবার বিকেলে এই আদেশ দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি দেলোয়ার ও রবিউল আদালতে উপস্থিত থাকলেও মাসুম পলাতক।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ছয়জনকে খালাস দেন। তাঁরা হলেন হাফিজুর রহমান (২৫), রুবেল মিয়া (২৫), মিজানুর রহমান (৩০), মাহফুজুর রহমান (২৮), হৃদয় মিয়া (৩০) ও রসুল মিয়া (২৭)।
সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল দণ্ড দেওয়ার আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৪ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদের ভেতর জামায়াত-শিবিরের একদল কর্মী সন্ত্রাস ও নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করার জন্য সংঘবদ্ধ হয়ে গোপন সভা করছেন, এমন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তার করেন। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে রাষ্ট্রবিরোধী জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করে। এ ঘটনায় নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে নালিতাবাড়ী থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে থানার এসআই নজরুল ইসলাম ২০১৬ সালের ৫ মে ৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারাধীন পর্যায়ে আসামি মাসুম জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। পরে গত ২৪ জুন আদালত তাঁর জামিন বাতিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ দণ্ড দেন।
পিপি চন্দন কুমার পাল রাষ্ট্রপক্ষে এবং সিরাজুল ইসলাম, এম কে মুরাদুজ্জামান ও হরিদাস কর্মকার আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন। পিপি চন্দন রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষের হরিদাস কর্মকার বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এ মামলাটি করা হয়েছিল। মামলায় তেমন কোনো ‘মেরিট’ নেই। তাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা খালাস পাবেন।