শেরপুরের বাজারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সীমান্তবর্তী রানীরহাট বাজারের বিমল ট্রেডার্সে হামলা চালিয়ে সন্ত্রাসীরা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করেছে। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে তিন জেলার সীমান্তবর্তী ওই বাজারের ব্যবসায়ী স্বপন মণ্ডলের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দ্রুতিরাম মণ্ডল বলেন, সীমান্তবর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালিয়েছে। একইভাবে ১৯৯৬ সালের ডিসেম্বরে অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী এ বাজারে হামলা চালিয়ে ২০ জন ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকা লুট করেছিল।

ক্ষতিগ্রস্ত স্বপন মণ্ডল বলেন, তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের গোলাম মোস্তফা ও বেল্লাল হোসেনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন সন্ত্রাসী তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাজারের ব্যবসায়ী দীলিপ সরকার ও মো. পাভেল জানান, সন্ত্রাসীরা প্রায় ২৫ মিনিট ধরে ভাঙচুর ও লুটপাট করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।