শেরপুরের মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইলবিশ্বা গ্রামের বেলগাড়ী শ্মশান কালীমন্দিরের প্রতিমা ভেঙে ফেলা হয়েছে৷ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গভীর রাতে ওই প্রতিমা ভাঙচুর করে৷
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন, প্রতিমাটির মাথা ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়৷ তাঁরা গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি টের পান৷ দুর্বৃত্তরা মন্দিরের লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেছিল৷ মন্দিরের অর্চনায় ব্যবহৃত কিছু উপকরণও ভাঙচুর ও লুট করা হয়েছে৷
এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে যায়৷ মন্দির ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ভাঙচুরের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে৷