শেরপুরের মেয়র গৌরীপুরের চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই দিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মদ তায়েবুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়।
স্বাধীন কুমার কুণ্ডু শেরপুর পৌর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কপি গত সোমবার সন্ধ্যায় হাতে পেয়েছি।’ স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌর-১) মো. খলিলুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, শেরপুর থানার একটি মামলায় কারাগারে থাকা স্বাধীন কুমারের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১(১) ধারা অনুয়ায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গৌরীপুরের ইউএনও কার্যালয় সূত্রে জানায়, তায়েবুর রহমানের বিরুদ্ধে নাশকতার মামলাসহ মোট ১৪টি মামলার অভিযোগপত্র আমলে নেন উচ্চ আদালত। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তায়েবুরকে বরখাস্ত করার নির্দেশনা দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত নির্দেশনা পায় উপজেলা প্রশাসন।