শেরপুরের সীমান্তে তিন দিনে দুই হাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের সীমান্তে আজ উদ্ধার হওয়া মৃত হাতিটি। ছবি: প্রথম আলো
শেরপুরের সীমান্তে আজ উদ্ধার হওয়া মৃত হাতিটি। ছবি: প্রথম আলো

তিন দিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু হলো শেরপুরের সীমান্ত এলাকায়। আর দুই মাসে এ এলাকায় তিন হাতির মৃত্যু হলো। 

শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুড়ী গ্রামের একটি ধানখেত থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার সকালে স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহটি দেখতে পান।
বন বিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম আজ রোববার সকালে হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার উপজেলার সীমান্তঘেঁষা রাঙাজান গ্রামের একটি ধানখেত থেকে এবং গত ১২ আগস্ট হালুয়াহাটি গ্রাম থেকে বন বিভাগের কর্মকর্তারা দুই হাতির মরদেহ উদ্ধার করেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন ধরে এক দল বন্য হাতি শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা রাঙাজান, বালিজুড়ী, হালুয়াহাটি ও মালাকুঁচা এলাকায় অবস্থান করছে। হাতির দল ধান খাওয়ার জন্য প্রায় প্রতি রাতেই গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। আজ রোববার সকাল ছয়টার দিকে এলাকাবাসী বালিজুড়ী গ্রামের ধানখেতে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে বালিজুড়ী সদর বিট অফিসের বিট কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ অন্য কর্মকর্তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন।
বালিজুড়ী গ্রামের আবুল হাশেম ও ছবির উদ্দিন সাংবাদিকদের বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবৎ বন্য হাতির দল তাঁদের এলাকায় এসে জানমাল ও ফসলের ক্ষতি করছে। গত শনিবার রাতে একদল বন্য হাতি বালিজুড়ী গ্রামে এসে ফসল নষ্ট করে। এ সময় স্থানীয় লোকজন মশাল নিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করেন। পরে রোববার সকালে একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মৃত হাতিটি একটি মাদি (নারী) হাতি। এর বয়স আনুমানিক চার বছর। লম্বা ও উচ্চতায় সাত ফুট। আজ দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মেহেদী হাসান মৃত হাতিটির ময়নাতদন্ত করেন। পরে এটিকে বালিজুড়ী গ্রামে মাটিচাপা দেওয়া হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, হাতিটির মাথায় একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ভিসেরা পরীক্ষার জন্য হাতিটির পাকস্থলী, লিভার ও পেটের বিভিন্ন অংশের নমুনা সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
গত আগস্ট মাসে যে হাতি মারা যায়, তার পাকস্থলীতে ইউরিয়া সার পাওয়া যায়। এর বিষক্রিয়াতেই হাতিটির মৃত্যু হয় বলে তদন্তে জানানো হয়। আর শুক্রবার নিহত হাতিটিরও বিষক্রিয়ায় মৃত্যু হয় বলে বন বিভাগ সূত্র জানায়। আজ মৃত হাতিটির মৃত্যুর কারণ নির্ধারণ করার জন্য পরীক্ষা চলছে।
হাতির মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার কথা বলা হলেও স্থানীয় একাধিক সূত্র জানায় বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পড়েই এসব হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে বলেন, বন্য হাতির আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য কৃষকেরা হাতি তাড়াতে জেনারেটর দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতির দল পাহাড়ের ঢালে আবাদ করা ধানখেতে নামলে সেখানে একটি বিদ্যুতের ফাঁদে ‘শক’ খেয়ে বন্য হাতিটির মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে শ্রীবরদী থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
বন বিভাগসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, বন উজাড়ের কারণে হাতির বিচরণক্ষেত্র নষ্ট হয়ে গেছে। হাতির বিচরণক্ষেত্র এখন ধানি জমিতে পরিণত হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, ‘হাতির বিচরণক্ষেত্র জমি বানিয়ে ফেলা হয়েছে। নিরুপায় হাতি এখন তাই ফসলের খেত ধ্বংস করে ফেলে।’
সাইদুর রশীদ বলেন, ‘বৈদ্যুতিক ফাঁদ যাতে না পাতা হয়, এর জন্য আমরা নজর রাখছি। দিনে গিয়ে এসব পাওয়া যায় না। কিন্তু রাতে এসব ফাঁদ আবার পাতা হয়। সেই সময় দুর্গম এলাকায় আমাদের পর্যবেক্ষণ করা আর সম্ভব হয় নয়।’