শেরপুরের সেই ইউপি চেয়ারম্যানসহ তিনজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: ওই ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের বিল্লাল হোসেন (২৮), মোক্তার আলী (৩০) ও বাচ্চু মিয়া (৩২)।এদিকে গ্রেপ্তারকৃত কাংশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ সরকারসহ ওই তিনজনকে ঝিনাইগাতী থানা পুলিশ গতকাল শুক্রবার বিকেলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে সোপর্দ করে। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর ও আগামীকাল রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব প্রধান বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের গজনী অবকাশকেন্দ্র এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ সরকারের সমর্থকেরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আনার উল্লাহ ও তাঁর সমর্থকদের ওপর হামলা করে। এতে আনার উল্লাহ অল্পের জন্য রক্ষা পেলেও তার তিন সমর্থক আহত হন। এ ঘটনায় আনার উল্লাহ বাদী হয়ে আবদুর রউফ সরকারসহ ২০/২৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন।