শেরপুরের সড়কগুলো বেহাল

পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওই সব গর্তে পানি জমে। গর্তে গাড়ির চাকা পড়ে ঘটে দুর্ঘটনা। বিকল হয় গাড়ি। বেশির ভাগ স্থানই ভাঙাচোরা। এই দুর্দশা শেরপুর পৌরসভার অধিকাংশ সড়কের।
পৌরসভার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরসভার ২০ হাজার মানুষ।
শেরপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর পৌর এলাকায় পৌরসভা-নিয়ন্ত্রিত পাকা সড়ক ৬১ দশমিক ১৩৬ কিলোমিটার এবং কাঁচা সড়ক ১৮ দশমিক ৬০৮ কিলোমিটার। এ ছাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ১৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে সওজের অধীন দুই-তিনটি সড়ক ছাড়া পৌরসভা-নিয়ন্ত্রিত সড়কগুলো রিকশা ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
১৪ জুন রোববার সরেজমিনে দেখা গেছে, শেরপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এবং আবাসিক এলাকার সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি গর্তে জমে থাকায় সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পথচারীরা ভয়ে ভয়ে পা ফেলেন। প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন দুর্ঘটনার।
শেরপুর পৌর শহরের মুন্সীবাজার শহীদ বুলবুল সড়ক (টাউন হল মোড়) থেকে গোপাল বাড়ি, বটতলা, কালীরবাজার, ডিসি অফিস গেট হয়ে তিনআনি বাজার কলেজ মোড় ও সজবরখিলা মোড় পর্যন্ত, পৌর ট্রাক টার্মিনাল থেকে শীতলপুর, ঢাকলহাটি, দিঘারপাড় হয়ে নওহাটা পর্যন্ত সড়ক, রঘুনাথ বাজার থানা মোড় থেকে মাধবপুর মডেল গার্লস ইনস্টিটিউট হয়ে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত, খরমপুর থেকে চাপাতলী গোরস্থান হয়ে জেলা পরিষদ মোড় পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। এ ছাড়া শহরের বিভিন্ন মহল্লার রাস্তার প্রায় অংশই খারাপ।
শেরপুর পৌর শহরের গোপাল বাড়ি মহল্লার বাসিন্দা রূপম সাহা বলেন, পৌরকর বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। খারাপ রাস্তায় রিকশা ভাড়া গুনতে হয় দ্বিগুণ। রাস্তাগুলো দেখলে মনে হয় এটি একটি নোংরা শহর।
মাধবপুর মডেল গার্লস ইনস্টিটিউটের শিক্ষার্থী মিম আক্তার বলেন, সামান্য বৃষ্টি হলেই মাধবপুর সড়কটি পানিতে ডুবে যায়। তখন এ সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এমনকি অনেক সময় হাঁটু পর্যন্ত কাপড় ভিজিয়ে বাসায় ফিরতে হয়।নয়আনি বাজারের ফল ব্যবসায়ী আবদুল হালিম বলেন, মূল সড়কগুলো নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নর্দমার নোংরা পানি ও কাঁদাজল ভেঙে তাদের বাসায় যেতে হয়।
শেখহাটি এলাকার ট্রলিচালক বাদশা মিয়া বলেন, গত পাঁচ বছরে শেখহাটি বাজার-সংলগ্ন সড়কের কোনো সংস্কার বা উন্নয়নকাজ করা হয়নি। ফলে এ সড়কটি দিয়ে যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর সে প্রতিশ্রুতি ভুলে যান। তিনি আরও জানান, প্রায়ই সড়কের গর্তে পড়ে তাঁদের গাড়ির স্প্রিং নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করতে অনেক টাকা খরচ হয়ে যায়।
পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, পৌর কর্তৃপক্ষ প্রায় পাঁচ বছর ধরে শহরের অধিকাংশ সড়ক সংস্কার করেনি। এ কারণে ওই সব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাঁরা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায় তাঁরা দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন। পূর্বশেরী এলাকার বাসিন্দা মো. আওরঙ্গজেব বলেন, দীর্ঘ সাত বছরেও নবীনগর-পুলিশ লাইন সড়কের পূর্বশেরী অংশে কোনো ধরনের কাজ করা হয়নি।
শেরপুর পৌরসভার সড়কগুলোর বেহালের কথা স্বীকার করে পৌর মেয়র মো. হুমায়ুন কবীর বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদে ১০০ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ও নর্দমা মেরামত, সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু কাজের দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারেরা এসব কাজের জন্য পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন এবং দ্রুত কাজ শুরু করবেন।