১৮টি পাড়া মিলে গড়ে উঠেছে গ্রামটি। নাম ঘাগড়া। কিন্তু লোকে একে ‘কাঠিগ্রাম’ নামে বেশি চেনে। বেশির ভাগ বাসিন্দাই একসময় অভাবী ছিলেন। গ্রামটি অপেক্ষাকৃত নিচু এলাকায়। চাষবাস বলতে সবাই ধানের আবাদ করতেন। ফলে বছরের একটা সময় নারী-পুরুষের হাতে কাজ থাকত না। বেকারত্ব আর অভাব নিত্যদিনের সঙ্গী ছিল ঘাগড়া গ্রামের মানুষের। তবে এখন ঘুরে দাঁড়িয়েছেন ঘাগড়ার মানুষ। আগরবাতির কাঠি (শলা) বানিয়ে নিজেদের দিন বদলেছেন তাঁরা। শেরপুরের ঝিনাইগাতির নিভৃত এই পল্লির নারী-পুরুষেরা এখন কাঠি তোলায় ব্যস্ত। নীরব এই বিপ্লব ঘটে গেছে গ্রামেরই বাসিন্দা ইছব আলীর হাত ধরে।যেভাবে শুরু: ইছব আলী (৫০) বলেন, ‘বছর আটেক আগের কথা। এলাকা থেকে ঔষধি গাছের বাকল ও পাতা ঢাকায় নিয়ে বিক্রি করতাম। এ সময় নজরে পড়ে বাঁশ দিয়ে আগরবাতির কাঠি তৈরির কারখানার ওপর। কাঠি তৈরির ইচ্ছা জাগে মনে। এ রকম কারখানার এক মালিককে বিষয়টি জানাই। প্রথমে রাজি হননি।’ এটুকু বলে খানিক থামেন ইছব আলী। যেন স্মৃতি হাতড়ে বেড়ান। অনেক অনুরোধের পর সেবার মালিকপক্ষ রাজি হয়েছিলেন। তাঁদের পরামর্শমতো ঢাকা থেকে চারজন শ্রমিক এনে গ্রামের ৬০ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এক বাড়ি, দুই বাড়ি করে গোটা গ্রামে প্রশিক্ষিত লোক ছড়িয়ে পড়ে। অনেকে কাঠি তোলার কাজটি পেশা হিসেবে বেছে নেন। এখন এ পেশায় গ্রামের ৫০০ পরিবারের প্রায় এক হাজার ২০০ মানুষ আছেন। বলে চলেন ইছব আলী, ‘শুরুতে একা এ ব্যবসা শুরু করলেও এখন গ্রামের আরও চার-পাঁচজন এ ব্যবসা শুরু করেছেন।’কাঁচামাল ও দরদাম: আগরবাতির কাঠি তৈরি করতে দরকার হয় বাঁশ। বাঁশ টুকরা করে সুচারুভাবে কাঠি তুলতে হয়। এ কাঠিই কেজি হিসেবে ঢাকার মীর হাজারীবাগ, যাত্রাবাড়ী ও রায়েরবাগ বাজারে বিক্রি হয়। আগরবাতির কারখানার মালিকেরা এখান থেকে শলাকাগুলো সংগ্রহ করে নিয়ে যান। একজন শ্রমিক দিনে ১৫-২০ মণ বাঁশ টুকরা করতে পারেন। পারিশ্রমিক পান ১৫০-২০০ টাকা। বাঁশের টুকরা থেকে যাঁরা কাঠি বানান, তাঁরা কেজিপ্রতি আট টাকা করে দিনে ২০০-৩০০ টাকা আয় করেন। এ গ্রাম থেকে প্রতি মাসে কমপক্ষে ২০ টন আগরবাতির কাঠি ঢাকায় বিক্রি হয়।সরেজমিনে একদিন: সম্প্রতি ঘাগড়া গ্রামে গিয়ে কাঠি তৈরির কর্মযজ্ঞ দেখা গেল। গ্রামের বেশির ভাগ বাড়িতে কাটা বাঁশ স্তূপ করে রাখা হয়েছে। মালিকপক্ষ থেকে বাড়ি বাড়ি বাঁশের টুকরো পৌঁছে দেওয়া হয়। স্কুল থেকে এসে খেয়েদেয়ে সোজা বাঁশের চাটাই আর দা নিয়ে বসে পড়ল তৃতীয় শ্রেণীর ছাত্রী মেরিনা। একটু পরই পঞ্চম শ্রেণীর ছাত্রী আরিফা এসে যোগ দিল তার সঙ্গে। তারা জানায়, তারাও কিছু রোজগারপাতি করলে অভাবের সংসারে মা-বাবার উপকার হয়।গ্রামের বাসিন্দা সুফিয়া খাতুন (৪২) বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর উপায় না পেয়ে ইছব আলীর পরামর্শে কাঠি তৈরির কাজ শুরু করি। এখন মা-মেয়ে সমানতালে কাজ করি। দিনে আমরা ১৫-১৮ কেজি শলা তুলি। ভাত-কাপড় নিয়া দুশ্চিন্তা করতে হয় না এখন।’বিশিষ্টজনেরা যা বলেন: ঘাগড়া এফ রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, এ গ্রামের অধিকাংশ মানুষ একসময় অভাবের সঙ্গে লড়াই করতেন। কাঠি তৈরি করে সে চিত্র পাল্টে দিয়েছেন ইছব আলী।হাতিবান্দা ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘ইছব আলীর এ ব্যবসায় এলাকার গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ব্যবসা আরও সমৃদ্ধ হতে পারে।’