শেরাটন এখন রূপসী বাংলা
আজ থেকে ঢাকা শেরাটন হোটেল থাকছে না। নতুন নাম ‘রূপসী বাংলা’। নামের পাশাপাশি হোটেলটির ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসছে। নতুন কোনো প্রতিষ্ঠান না আসা পর্যন্ত ব্যবস্থাপনায় থাকবে হোটেলটির সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)।জানা গেছে, গতকাল রাতেই নামফলক পরিবর্তন হয়েছে, যদিও হোটেলটি পরিচালনাকারী শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশনের (এসওএমসি) চুক্তি শেষ হবে কাল ৩০ এপ্রিল। এসওএমসি আর চুক্তি নবায়ন করছে না। এসওএমসির অভিভাবক প্রতিষ্ঠান স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস চুক্তি নবায়নের যে শর্ত দিয়েছে, তা সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি।জানতে চাইলে বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, ‘আমাদের সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানেরই আলোচনা চলছে। আশা করি, শিগগিরই হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান নির্বাচন হবে। আর স্টারউডের প্রস্তাব বিবেচনা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বলেই আমরা তাদের শর্ত মেনে নিতে পারিনি।