শেরাটনের কর্মকর্তা-কর্মচারীরাই রূপসী বাংলার দায়িত্বে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরাটন হোটেল নাম বদলে আজ রোববার থেকে হয়ে যাচ্ছে রূপসী বাংলা। গতকাল শনিবার রাতে হোটেলটির পরিচালনাকারী শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশনের সঙ্গে চুক্তির সময় শেষ হয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠান না আসা পর্যন্ত এর পরিচালনায় থাকবে হোটেলটির সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)। তবে শেরাটনের যেসব কর্মকর্তা-কর্মচারী হোটেলের ব্যবস্থাপনায় ছিলেন, তাঁরাই রূপসী বাংলার দায়িত্বে থাকবেন।গতকাল দুপুরে হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হোটেলের নতুন নাম ঘোষণা করা হয়। এ সময় হোটেলের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান, বিপণন যোগাযোগ ব্যবস্থাপক শাহিদুস সাদিক, বিপণন বিভাগের অর্থ নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও সহকারী পরিচালক রেজাউল উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, গত ২৭ বছর শেরাটন কর্তৃপক্ষ হোটেলটির দায়িত্ব পালন করার পর মালিকানায় পরিবর্তন এল। তিনি বলেন, শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশন চুক্তি আর নবায়ন করছে না। এ কারণে অন্য কোনো প্রতিষ্ঠানকে এর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশনের (এসওএমসি) অভিভাবক প্রতিষ্ঠান স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস চুক্তি নবায়নের যে শর্ত ও পরিকল্পনা দিয়েছিল তা সরকার মেনে নিয়েছিল, কিন্তু তার পরও শেরাটন থাকেনি। এতে বলা হয়, ২০০৮ সাল থেকে শেরাটন হোটেলের পরিচালনার দায়িত্বভার ছেড়ে দিতে চাইছিল। শেরাটন সারা পৃথিবী থেকেই তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে।মহাব্যবস্থাপক জানান, হোটেলটি পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠানের নাম প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এগুলো ইন্টারকন্টিনেন্টাল, ম্যারিয়ট, সুইস ও কেমপিনিসকি।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন যেই পরিচালনাকারী প্রতিষ্ঠান আসুক না কেন, হোটেলের নাম রূপসী বাংলাই থাকবে, সঙ্গে যুক্ত হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম। এ ছাড়া নাম পরিবর্তন করার কারণে হোটেলের কোনো কিছুর মূল্য পরিবর্তন হবে না। হোটেলের পরিচালনা এবং বিএসএলকে সহায়তা দেওয়ার জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।প্রসঙ্গ, শেরাটন দায়িত্ব নেওয়ার আগে ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এ হোটেলের নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল।