শেরুয়া-ভবানীপুর সড়কের জায়গা বেদখল হয়ে যাচ্ছে
বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শেরুয়া-ভবানীপুর সড়কের দুই পাশের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন সড়কের জায়গায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তুলেছে। এর ফলে ১০০ ফুট প্রস্থের এ সড়কটি এখন সরু হয়ে স্থানভেদে ১৫ থেকে ৩৫ ফুট হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সহকারী আবদুল মান্নান বলেন, ১৯১৩ সালে সিএস খতিয়ানে ১০০ ফুট প্রস্থের এই সড়কটি রেকর্ডে রয়েছে। ওই সময় বগুড়ার সঙ্গে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার যোগাযোগের একমাত্র রাস্তা ছিল এটি। সড়কটি উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর ও ভবানীপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের (এলজিইডি) হিসাব রক্ষক হারুন অর রশিদ চৌধুরী বলেন, ওই সড়ক তাঁদের কার্যালয়ের অধীনে। এই সড়কে গত ১৫ বছরে পাকাকরণসহ উন্নয়নের কাজ হয়েছে।শেরুয়া বটতলা এলাকায় সড়কের ওপর তোলা ঘরে ব্যবসা করেন আবদুল লতিফ। তিনি জানান, স্থানীয় আবদুল মান্নানকে ২০ হাজার টাকা জামানত দিয়ে এবং মাসে এক হাজার ৫০০ টাকা চুক্তিতে তিনি ওই ঘর ভাড়া নিয়েছেন। আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, তিনি স্থানীয় নয়া মিয়ার কাছ থেকে মাসে এক হাজার ৭০০ টাকায় ঘর ভাড়া নিয়েছেন। তাঁদের মতো আরও অনেকে স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি নিয়ে ব্যবসা করছেন।আবদুল মান্নান ও নয়া মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তবে উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, যাঁদের মালিকানা জায়গার সামনে সড়ক রয়েছে, তাঁদের সবাই সড়কের জায়গায় ঘর করে ভাড়া দিয়েছেন। ভবানীপুর ইউপির চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট বিভাগকে একাধিকবার অবহিত করেও কোনো কাজ হয়নি।শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শেরুয়া বটতলা, আন্দিকুমড়া, দড়িমুকুন্দ, রামচরণ মুকুন্দ, বেলতলা, ব্র্যাক বটতলা, ভাদড়া, আম্বইল ও ভবানীপুর বাজার এলাকায় ওই সড়কের জায়গায় গড়ে উঠেছে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও দুই শতাধিক ঘর। এ ছাড়া সড়কের কিছু অংশের মাটি কেটে ধান চাষের জন্য জমি চাষ করা হয়েছে। ১০০ ফুট পাশ সড়কটি এখন স্থানভেদে ১৫ থেকে ৩৫ ফুটের মধ্যে এসে পৌঁছেছে।সড়কের ওপর বসবাসকারী দড়িমুকুন্দ এলাকার লাইলী বেওয়া জানান, তাঁর স্বামীর বাড়ি ছিল উপজেলার কানাইকান্দর গ্রামে। প্রায় ১০ বছর আগে স্বামী বেঁচে থাকাকালে সড়কের ওপর ঘর তুলে বসবাস করে আসছেন। নবীর উদ্দিন নামের একজন দাবি করেন, আগে দড়িমুকুন্দ গ্রামে তাঁর বাড়ি থাকলেও এখন নিজস্ব কোনো জায়গা নেই। তাই নয় বছর ধরেই সড়কের ওপর বাড়ি করে তিনি বসবাস করছেন। আন্দিকুমড়া স্থানে ঘর তুলে সংসার পেতেছেন ধুনট উপজেলার কান্তনগর গ্রামের হাছেন আলী। তাঁর দাবি সড়কের ওপর তো অনেকেই আছেন। তাই তিনিও থাকছেন। প্রায় একই ধরনের কথা বলেন অন্যরাও।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, সড়কের জায়গা বেদখলের বিষয়টি তিনি জানেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। পরবর্তী নির্দেশ পাওয়ার পর উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে।