রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শাহীনূর আলমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর রোডের হাজী পরিবহনের একটি বাস থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। শেরেবাংলা নগর থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার ৪৮ ঘণ্টা পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে শাহীনূরকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় সড়ক অবরোধ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে ৩১ জুলাই পর্যন্ত শিক্ষাকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
আজ সোমবার শাহীনূরের সর্বশেষ অবস্থা সম্পর্কে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের চিকিত্সক মোতাসিম বিল্লা সাংবাদিকদের বলেন, আঘাতে শাহীনের মস্তিষ্কের একপাশে রক্ত জমাট বেঁধে গেছে। অন্য পাশে রক্তক্ষরণ হচ্ছে। গত রোববার ভোর চারটা থেকে শাহীনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আহত শাহীনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে গত রোববার রাতে হাজী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১৪৮৩০) বাসের চালকের সহকারীর ধাক্কায় শাহীন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ নম্বর গেইটে ফার্মগেইট-মিরপুর সড়ক অবরোধ করলে শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে, লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছাত্রদের জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আসিফ, সাইদ, ফয়সল, রাজ ও অভি আহত হন।
হাজী পরিবহনের বাসচালকের সহকারীকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মুমীন আসামি ধরার চেষ্টা চলছে বলে জানান।