রাজধানীর ফার্মগেটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সের উদ্বোধন করা হলো গতকাল বুধবার।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সময় ফলক উন্মোচনের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবনির্মিত কৃষকরত্ন শেখ হাসিনা হল এবং সিরাজ-উদ-দৌলা নামের দুটি হলের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশে কৃষিভিত্তিক মাঝারি ও ক্ষুদ্র শিল্প গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য বর্তমান সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দেবে জানিয়ে তিনি বলেন, সরকার শতকরা চার টাকা সুদে ঋণসুবিধা দিচ্ছে।
প্রধানমন্ত্রী ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ ছাড়াও প্রধানমন্ত্রী অন্য যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার হিসেবে উল্লেখ করেন। বর্তমান সরকারের সময় সারের দাম কমানোসহ কৃষিবান্ধব সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রায় ১০২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
দুটি বেজমেন্টসহ আটতলা এ ভবনে রয়েছে এক হাজার ৫০ আসনবিশিষ্ট মিলনায়তন, ৫০০ আসনের কমিউনিটি হল, সুইমিংপুল, জিমনেশিয়াম, টেকনোলজি গ্যালারি, ডে-কেয়ার সেন্টার, ক্যাফেটেরিয়া।
এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি হলের উদ্বোধন হওয়ায় ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কৃষি অনুষদের ছাত্রী অনন্যা পারভীন বলেন, ‘নতুন ছাত্রীহল উদ্বোধন হওয়ায় আমি খুবই খুশি। তবে আমরা আশা করি, অতি দ্রুত যেন আমাদের নতুন হলে স্থানান্তর করা হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
অনুষ্ঠানে কৃষিসচিব এস এম নজরুল ইসলাম, কেআইবির মহাসচিব মো. মোবারক আলীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।