শেরেবাংলা নগর টেলিফোন ভবনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের মূল বিতরণকক্ষে গতকাল সোমবার ভোরে আগুন লাগে। এতে বিভিন্ন এলাকার প্রায় তিন হাজার টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, ভোর সোয়া পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বিটিসিএলের বিতরণ লাইনে আগুন লাগে। এতে তার ও যন্ত্রাংশ পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল রক্ষা পায়।অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়ায় ওই এক্সচেঞ্জের প্রায় ৮০ হাজার টেলিফোন সংযোগ বিকল হয়ে যায়। পরে বিদ্যুতের সংযোগ দিলেও বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার টেলিফোন বিকল হয়ে থাকে।সন্ধ্যায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে মূল বিতরণকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় তিন হাজার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবারের মধ্যে এই টেলিফোন সংযোগগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।