শেরেবাংলা নগরে অবৈধ স্থাপনা ও নার্সারি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা নগরে গতকাল অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গণপূর্ত অধিদপ্তর l ছবি: প্রথম আলো
শেরেবাংলা নগরে গতকাল অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গণপূর্ত অধিদপ্তর l ছবি: প্রথম আলো

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা, নার্সারি ও ফুলের বাজার উচ্ছেদ করেছে গণপূর্ত অধিদপ্তর। শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁও বাজার, পাকা মার্কেট ও পাসপোর্ট অফিসের সামনের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত কোনো রকম বাধা ছাড়াই অভিযান চলে। যদিও এই উচ্ছেদের কারণে কিছু দোকানি পথে বসে যাবেন বলে দুঃখ প্রকাশ করেছেন।
অভিযানে ব্যবহৃত হয় চারটি বুলডোজার। পুলিশি পাহারায় হাতুড়ি, শাবল, কোদাল নিয়ে ভাঙার কাজও করেন শতাধিক শ্রমিক। শুরুতেই শেরেবাংলা নগর থানার সামনের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এরপর শেরেবাংলা নগর এলাকায় অবৈধভাবে স্থাপিত নার্সারি, আগারগাঁও এলাকার ফুলের বাজার উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় সীমানাপ্রাচীরও।
একে একে ভেঙে দেওয়া হয় পাসপোর্ট অফিসের সামনের খাবার হোটেল, ফটোকপির দোকান, চায়ের দোকান ও কনফেকশনারি। এ সময় দোকানি ও কর্মচারীদের দেখা যায় ভেঙে ফেলা দোকানের জিনিসপত্র সরিয়ে নিতে।
অভিযান চলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র্যাব-২ কার্যালয়ের আশপাশের সরকারি জায়গাগুলোতেও। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার প্রায় ২১টি অস্থায়ী চায়ের দোকান, খাবার হোটেল ও মুঠোফোনে ফ্লেক্সিলোডের দোকান ভেঙে দেওয়া হয়।
এ ছাড়া পাকা মার্কেট এলাকার চায়ের দোকান, ফটোকপির দোকান, ওষুধের দোকান ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে দোকানগুলোর লোকজনকে দেখা যায় প্রবীণ সংঘ হাসপাতালের সামনের বস্তিতে মালামাল সরিয়ে নিতে। আগারগাঁও ফুলের বাজারে দোকান ছিল যশোরের আফজাল হোসেনের। তিনি বলেন, ‘ব্যবসা যা ছিল, সবই তো ভাইঙা দিল। এখন কীভাবে চলব, বউ-বাচ্চা নিয়ে কীভাবে দিন কাটব জানি না।’ পাসপোর্ট অফিসের চায়ের দোকানি আলী হোসেন বলেন, ‘এই চায়ের দোকানই ছিল আয়-রোজগারের। সরকারি জমি ফেরত নিয়া গেছে। এখন নতুন কিছু করা লাগব।’