বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর আর সেখানে শয্যাসংখ্যা বাড়েনি। হাসপাতালে নারী-পুরুষের শয্যা বরাদ্দের আনুপাতিক হার পাঁচ-এর এক। অর্থাৎ পাঁচজন পুরুষ রোগীর বিপরীতে মাত্র একজন নারী রোগীর শয্যা বরাদ্দ। নারী রোগীর সংখ্যা পুরুষের সমান হলেও শয্যা আগের মতোই রয়েছে। এতে নারী রোগীদের হাসপাতালের মেঝেতে এবং বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার গাইনি ওয়ার্ডসহ নারী ওয়ার্ডগুলোতে দেখা গেছে রোগীর ভিড়। শয্যায় যত রোগী, তার চেয়ে বেশি রয়েছে মেঝেতে। গাইনি ওয়ার্ডে চিকিৎসকের কক্ষের সামনেও রোগী দেখা গেছে।
হাসপাতালের শয্যাতালিকায় দেখা গেছে, ৫০০ শয্যার হাসপাতালে বৃহস্পতিবার রোগী ভর্তি ছিল এক হাজার ৩৩৩ জন। মহিলা মেডিসিন ইউনিটের জন্য বরাদ্দ আসনসংখ্যা ৩৬। বৃহস্পতিবার রোগী ছিল ১৩৩ জন। মহিলা সার্জারি ইউনিটে শয্যা আছে ২৮টি। সেখানে রোগী ভর্তি রয়েছেন ১০৯ জন। গাইনি ওয়ার্ডের দুটি ইউনিটে শয্যা ৪৫টি, রোগী ভর্তি ৯৭ জন। অবসট্রেট্রিকস দুই ইউনিটে শয্যা ৪৫টি, রোগী ১৩৩ জন। এ ছাড়া পুরুষ ওয়ার্ডগুলোতেও শয্যার চেয়ে রোগী বেশি দেখা গেছে।
গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শিখা সাহা বলেন, আসনের চেয়ে রোগী তিন-চার গুণ বেশি। মেঝেতে পা ফেলারও জায়গা থাকে না। এমনকি চিকিৎসকের কক্ষের সামনেও রোগী থাকে। এ কারণে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা শিশু বিভাগে। এই বিভাগের তিনটি ইউনিটের শয্যা বরাদ্দ আছে ১৫টি। বৃহস্পতিবার রোগী ছিল ১৬৬টি। শিশু সার্জারি বিভাগে দুই শয্যার বিপরীতে রোগী আছে ৩১ জন।
পুরুষ মেডিসিন বিভাগের চার ইউনিটের জন্য শয্যা ৯৬, রোগী ভর্তি আছে ১৬৩ জন। পুরুষ সার্জারি বিভাগের জন্য বরাদ্দ ৮৪টি, রোগী আছে ১৮৩ জন। কার্ডিওলজি (হৃদ্রোগ) বিভাগের শয্যা আছে চারটি, রোগী ভর্তি ৩৭ জন। পুরুষ অর্থোপেডিক বিভাগের আট শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩৪ জন।
হাসপাতালের শিশুবিশেষজ্ঞ এম আর তালুকদার মুজিব প্রথম আলোকে বলেন, রমজানের জন্য রোগী একটু কম। অন্যান্য সময় ২৫০-এর বেশি রোগী থাকে। বরাদ্দ শয্যার পর অতিরিক্ত ৪০টা দেওয়া আছে। বাকিরা মেঝেতে থাকে। একত্রে সব ধরনের রোগের শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে। এ কারণে ভালো রোগীর অবস্থাও খারাপ হয়ে যায়।
কার্ডিওলজি বিভাগের প্রধান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ রণজিৎ খাঁ বলেন, বর্তমানে হাসপাতালে বছরে তিন থেকে চার হাজার রোগী ভর্তি হয়। কিন্তু ওই বিভাগে শয্যা আছে মাত্র চারটি। এর সঙ্গে আইসিইউ ভবনের শয্যা বসিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। প্রায়ই সাত-আটজন রোগী মেঝেতে রাখতে হয়।
হাসপাতালের পরিচালক মু. কামরুল হাসান বলেন, ১৯৬৮ সালে হাসপাতাল প্রতিষ্ঠার সময় পাঁচজন পুরুষ রোগীর বিপরীতে মাত্র একজন নারী রোগীর শয্যা বরাদ্দ করে। ৩৮ বছরে নারী এবং পুরষ রোগীর সংখ্যা সমান হলেও শয্যাসংখ্যা এবং বরাদ্দ আগের মতোই রয়েছে। এ কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে নারী ওয়ার্ডগুলোর অবস্থা খুবই খারাপ। শয্যা ও জনবল না বাড়ালে চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।