শেরেবাংলা মেডিকেলে সাত দিনের মধ্যে আইসিইউ সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে সাত দিনের মধ্যে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) সেবা চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।গতকাল বৃহস্পতিবার বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, ‘আমি জানি, মন্ত্রী এলে এমন পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যায়। সেবায়ও কমতি থাকে না। সংশ্লিষ্টদের কাছে আহ্বান, প্রতিদিন যেন এমন পরিবেশ বজায় থাকে।’হাসপাতালের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ সহিদুল আলম এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অনিল চন্দ্র দত্ত উপস্থিত ছিলেন।সভায় শিক্ষকেরা জানান, পাঁচ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে আইসিইউ ভবন নির্মাণ করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ কর্মচারী নিয়োগের অভাবে পাঁচ বছরেও তা চালু হয়নি। জবাবে মন্ত্রী বলেন, বিশেষজ্ঞসহ শিক্ষকসংকট সারা দেশেই চলছে। রাতারাতি তা সমাধান করা যাবে না। তাই করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের আইসিইউ সেবা চালু করতে হবে।হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণকাজ বন্ধ থাকায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে দ্রুত নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে ভবন নির্মাণের নির্দেশ দেন। সভা শেষে মন্ত্রী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড ও আইসিইউ ভবন পরিদর্শন করেন। এর আগে তিনি মেডিকেল কলেজের ডেন্টাল সার্জারি বিভাগের উদ্বোধন করেন।