ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদ বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ ইসমাইল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং শেরেবাংলা স্মৃতি বৃত্তি কমিটি ২০১৬-এর আহ্বায়ক এম কামাল উদ্দীন জসিম।
শেরেবাংলার জীবন ও কীর্তিকে অমর করে রাখা এবং আগামী প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করার লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা। সংস্থার মূল লক্ষ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বহুবিধ কার্যক্রমসহ শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান।
প্রতিষ্ঠার পর থেকে সমাজের নানা উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি ১৯৯৮ সালে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সাত হাজারের বেশি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় মোট ২৬৮ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।