শেরেবাংলার আদর্শ বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক ও অবিভক্ত পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৪৯তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। উপমহাদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নেতা হিসেবে পরিচিত ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল আটটায় শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ তাঁর কবর চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহী আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নির্মিতব্য পদ্মা সেতু শেরেবাংলার নামে নামকরণের দাবি জানান। এ ছাড়া তাঁরা বাগেরহাট জেলার চিতলমারীতে শেরেবাংলার ১৪০ একর জমির ওপর একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা সকালে শেরেবাংলার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর গুলশান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় জনতা পার্টি ও বরিশাল বিভাগ সমিতি শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালন করেছে।