শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালিত
শেরেবাংলা এ কে ফজলুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় এ নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে।শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, শেরেবাংলার রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম ব্যাপক প্রচারের উদ্যোগ নিতে হবে। তাঁর জীবন ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করলে নতুন প্রজন্ম সত্য, ন্যায় ও শৃঙ্খলাসমৃদ্ধ জীবনাদর্শের অধিকারী হবে। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা আয়োজিত শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সংস্থার সভাপতি আবদুল লতিফ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ফজিলাতুন্নেসা, আইনজীবী মনজিল মোরসেদ প্রমুখ বক্তব্য দেন।শেরেবাংলার সমাধিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, শেরেবাংলা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে রাজনীতি করে গেছেন। শেরেবাংলা স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের প্রমুখ।