শেরেবাংলার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল।দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, তাঁর কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মিলাদ ও আলোচনা সভা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাণী দিয়েছেন।আওয়ামী লীগ আজ মঙ্গলবার সকাল আটটায় তাঁর কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষে তাঁর পরিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে। শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল হক আজ মঙ্গলবার বাড়ি-৩২, রোড-৬, ব্লক-সি, বনানীর বাসায় বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এদিকে সকাল সাড়ে আটটায় জাতীয় গণতান্ত্রিক লীগের পক্ষ থেকে শেরেবাংলার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।