শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংকটমোচনে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত ভবনের কাজ শেষ করা, জনবল নিয়োগসহ বেশ কিছু সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যবিষয়ক কমিটির সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওইসব বিষয় এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টার ওই সভায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও খাবার বিনা মূল্যে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বরিশাল-২-এর সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)-এর সাংসদ শেখ টিপু সুলতান এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ)-এর সাংসদ পঙ্কজ দেবনাথ উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক কামরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে বর্ধিত ৫০০ শয্যার ভবনটির কাজ মামলাসংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে। প্রতিদিন প্রায় দেড় হাজার রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ না হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে। এসব বিষয় নিয়ে স্বাস্থ্যবিষয়ক কমিটি সভায় বসেছে। তারা হাসপাতালের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসদিয়েছে।

সভায় কামরুল হাসান বলেন, ৫০০ শয্যার হাসপাতালে বর্তমানে প্রতিদিন রোগী থাকে এক হাজার ২০০ থেকে দেড় হাজার। ফলে মেঝে ও বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিতে হয়। এ কারণে যথাযথ চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

নির্মাণাধীন ভবনের কাজ শেষ করার ব্যাপারে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুর রহিম জানান, ওই ভবনের বিরুদ্ধে করা মামলার জটিলতা নিরসনে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির নতুন কার্যাদেশের মাধ্যমে ভবন নির্মাণকাজ শুরু করা সম্ভবহবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ওহাব হাওলাদার, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহম্মেদ খান, সিভিল সার্জন এটিএম মিজানুর রহমান, হাওয়া আক্তার জাহান, ভাস্কর সাহা প্রমুখ।