অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে তালাকের পথ বেছে নিয়েছিলেন শেলী আক্তার। এ ঘটনার পর একমাত্র সন্তানকেও নিজের কাছে রাখতে পারেননি তিনি। সাড়ে তিন বছর বয়সী ছেলেকে তাঁর কাছ থেকে কেড়ে নেন সাবেক স্বামী। প্রতিকূল এই অবস্থার মধ্যেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তিনি। নিজে রোজগার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় খানিকটা পথ এগিয়েও গিয়েছিলেন। কিন্তু হঠাৎই সব এলোমেলো হয়ে গেল তাঁর। দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে তাঁর।
অ্যাসিড-সন্ত্রাস শেলীর পথচলা থামিয়ে দিতে পারে—এখন এই শঙ্কাই পেয়ে বসেছে তাঁর পরিবারের সদস্যদেরও। শেলীর মনের ক্ষত কোনো দিনই সারবে না বলেও তাঁদের আশঙ্কা। ঘটনার তিন দিন পরেও হামলাকারী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। শেলীর সাবেক স্বামী অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর এই বর্বর ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারটির ধারণা।
চট্টগ্রামের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, জাহাঙ্গীরকে ধরার জন্য চেষ্টা চলছে।
গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)। ভোর পাঁচটার দিকে বেড়ার ঘরের ফাঁকা অংশ দিয়ে তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারা হয়। ঘটনাস্থলের পাশ থেকে শেলীর সাবেক স্বামী জাহাঙ্গীরের অটোরিকশা জব্দ করে পুলিশ। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক।
মা-মেয়ে দুজনই এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেন, শেলীর মুখসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। মা-মেয়ে দুজনের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনে পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো। গত দুদিনে তাঁদের চিকিৎসার খরচ ১৫ হাজার টাকা গতকাল শেলীর বড় ভাই মো. শামীমের হাতে তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এটি চিকিৎসা ব্যয়ের প্রথম কিস্তি। মা-মেয়ে দুজনের চিকিৎসার ব্যয় অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শেলীর মুখ ফুলে আছে। হাত, বুক ও পিঠে ব্যান্ডেজ। মুখে শব্দ নেই, তবে চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। তাঁর কাছে গেলে বিছানা থেকে ইশারায় কিছু বলার চেষ্টা করেন। পাশে থাকা তাঁর মেজ ভাবি সাথী বেগম বলেন, এ ঘটনায় শেলীর মনটাই ভেঙে গেছে। আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার হয়েছে কি না এ নিয়ে মাঝেমধ্যেই জানতে চান। ছেলে সানিকে দেখার জন্য অস্থির হয়ে আছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, মা-মেয়ের সেরে উঠতে সময় লাগবে। ক্ষত কিছুটা শুকানোর পর বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হবে।
শেলীর সাবেক স্বামীর গ্রামের বাড়ি রংপুর। শেলীদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বছর পাঁচেক আগে অটোরিকশার চালক জাহাঙ্গীরের সঙ্গে শেলীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা মায়ের ঘরের পাশেই ঘর ভাড়া নেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, কিছুদিন যেতেই শেলীর ওপর নির্যাতন শুরু করেন জাহাঙ্গীর। দিন দিন এর মাত্রা বাড়তে থাকে। বছর খানেক আগে স্বামীকে তালাক দিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন শেলী। তালাকের পর জাহাঙ্গীর ছেলেকে নিয়ে যান। পরে শিশুটিকে রংপুরে নিজের বাড়িতে রেখে আসেন জাহাঙ্গীর।
শেলীরা তিন ভাই, তিন বোন। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। বড় দুই ভাই ভ্যান চালান। বস্তির পাশাপাশি তিনটি ঘরে থাকেন তাঁরা। তাঁদের বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন।
শেলীর বড় ভাই মো. শামীম বলেন, ‘তালাকের পর শেলী বলল, তাঁকে নিয়ে চিন্তা না করতে। চায়ের দোকান চালিয়ে নিজের খরচ জোগাড় করে নেবে। মা-বোন মিলে ভালোভাবেই চায়ের দোকান চালাচ্ছিল। ও (শেলী) আবার নতুন করে জীবন শুরু করতে পারবে কি না তা নিয়া চিন্তায় আছি।’ শামীম অভিযোগ করে বলেন, ‘জাহাঙ্গীর মাঝেমধ্যে এসে শেলীকে অ্যাসিড মারার হুমকি দিত। কিন্তু তখন বুঝি নাই সত্যিই ও এই রকম কিছু করবে।’
প্রতিবেশী শারমিন বেগমও শেলীদের দোকানের পাশে চায়ের দোকান চালান। তিনি প্রথম আলোকে বলেন, গত রোববার রাত নয়টার দিকে দোকানে এসে শেলীকে আজেবাজে কথা বলতে শুরু করেন জাহাঙ্গীর। একপর্যায়ে জাহাঙ্গীর অ্যাসিড মারার হুমকি দিয়ে চলে যান।
শেলী আক্তারের মা হোসনে আরা বেগম বলেন, ‘সুস্থ হয়ে ফিরতে পারলে মেয়ে আবার দোকান করবে, এইটা চিন্তা করলেও ভয় লাগে। কিন্তু আবার ভাবি, কাজ না করলে খাবে কী?’