শেলীর শারীরিক অবস্থা স্থিতিশীল
সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ শেলী আক্তার ও তাঁর মা হোসনে আরা বেগমের অবস্থা স্থিতিশীল আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা চলছে।
বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ বলেন, দুজনের শরীরে ক্ষত শুকানোর পর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শেলীর শরীরে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের উপস্থিতিও পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মা-মেয়ের চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনকাজে পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো। গত বুধবার মা-মেয়ের চিকিৎসার প্রাথমিক খরচ শেলীর বড় ভাই মো. শামীমের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসার ব্যয় অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলোর সহায়তা তহবিল থেকে দেওয়া হচ্ছে। গতকাল রোববার দুজনের চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ আরও ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ভোরে পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার ও তাঁর মা হোসনে আরা বেগম। ঘটনার পর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী।