সন্ত্রাস ও নাশকতার হুকুমদাতা, অর্থদাতাসহ প্রত্যেককেই শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নাশকতা ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হবে। শেষ ক্রিমিনাল ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে।’
গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘২০১৩ সালের সহিংসতার পর ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে আমরা সরকার গঠন করলাম। তখন উন্নয়নকাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের নাশকতা ও সহিংসতায় মানুষ হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। এই ভুল আমরা আর করব না। এখন থেকে দেশের শান্তি বজায় রাখতে যা করা দরকার, তা-ই করা হবে।’
বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা করে এসব সংগঠনকে ‘চরম স্বার্থবাদী সংগঠন’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক হিউম্যান রাইটসের জ্বালায় অস্থির থাকি। একটা কিছু হলেই হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এত কথা শুনি। হিউম্যান রাইটস ওয়াচ, অমুক-তমুক সংগঠনে তোলপাড়। কিন্তু বিএনপি-জামায়াত যে মানুষ পুড়িয়ে হত্যা করল, এসব নিয়ে একটি সংগঠনের কোনো কথা শুনলাম না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তারা অপপ্রচার চালিয়েছে। সেই সঙ্গে আমাদের দেশের হিউম্যান রাইটস সংগঠনও হেফাজতের ঘটনায় মিথ্যাচার করল। মিথ্যা মানুষের নামের তালিকা দিয়ে বিশ্বব্যাপী সরকারের নামে অপপ্রচার করল। প্রথমে দুই হাজার মানুষ মারা গেছে বলে দাবি করল। পরে ৬০ জনের তালিকা দিল। তাও যাদের নাম দিল, তাদের অনেকেই বেঁচে আছে।’ তিনি বলেন, ‘এই যে দেড় শ জ্যান্ত মানুষ পুড়িয়ে মারল, মুখেও কথা নাই, কলমেও কালি নেই। এদের কি হিউম্যান রাইটস নেই? এসব সংগঠন চরম স্বার্থবাদী সংগঠন।’
সিটি নির্বাচনে সক্রিয় ওয়ার আহ্বান: উদ্বোধনী বক্তৃতা শেষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনে দলের উপদেষ্টাদের সবাইকে যাঁর যাঁর মতো নিজ এলাকায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনী প্রচারে বের হবেন। তখন আওয়ামী লীগের পক্ষ থেকেও সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রচার চালানো দরকার। এ ক্ষেত্রে দলীয় উপদেষ্টাদের ভূমিকা রাখতে তিনি অনুরোধ করেন।
বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য সুলতানা শফি সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ‘সহস্র নাগরিক কমিটি’ করার প্রস্তাব করলে তা গৃহীত হয়। এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে ‘শত নাগরিক কমিটি’ করার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রস্তাব করেন। এ ছাড়া বিভিন্ন পেশাজীবীদের নিয়েও পৃথক কমিটি করার সিদ্ধান্ত হয়।