শেষ চৈত্রের দাবদাহে অতিষ্ঠ প্রাণীকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর কাঠফাটা রোদ। দিনান্তে সূর্য অস্ত যাওয়ার পরও গরমের হাঁসফাঁস করা অনুভূতি থেকে মুক্তি মেলে না। কারণ, টানা প্রায় ১০ দিন দেশের কোথাও উল্লেখ করার মতো বৃষ্টি নেই। কংক্রিটের ভবন আর পিচঢালা পথের রাজধানীবাসীর কষ্ট আরও বেশি। এখানে গ্রামের মতো বৃক্ষ ও জলাশয় নেই। অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে বাতাসের প্রবাহও সর্বত্র স্বাভাবিক নয়। তার ওপর যানজট। আছে রাজপথ ও কংক্রিটের ভবনগুলো দীর্ঘক্ষণ তপ্ত হয়ে থাকার যন্ত্রণা। এসব মিলে শেষ চৈত্রের দাবদাহে শুধু মানুষ নয়, গোটা প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের বেশির ভাগ জেলার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দেশের বেশির ভাগ স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবারও রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কিছু কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সূর্যের অবস্থানের কারণে এপ্রিলের অধিকাংশ সময় বাংলাদেশ ভূখণ্ডের ওপর দিয়ে একাধিক তাপপ্রবাহ বয়ে যায়। চলমান তাপপ্রবাহ আরও এক থেকে দুই দিন চলতে পারে। এরপর কয়েক দিন বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।