শেষ জীবনে পাকা বাড়ি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় বগুড়ার দুপচাঁচিয়ায় দুজন মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। তাঁদের একজন হলেন আফসার আলী, আরেকজন আবদুল হামিদ খন্দকার। জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা এ দুই মুক্তিযোদ্ধা পরে জীবনযুদ্ধে টিকে থাকতে হিমশিম খাচ্ছিলেন। অভাবের তাড়নায় একজন ধরেছিলেন রিকশার হাতল। আরেকজন গত বছর পর্যন্ত দিনমজুরি করে টানছিলেন জীবনের ঘানি।
বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আফসার আলী। বয়স এখন আশি ছুঁই ছুঁই। সংসারের টানাপোড়েনে নিজের পরিচয় গোপন রেখে বাপ-দাদার ভিটেমাটি ত্যাগ করে চলে আসেন দুপচাঁচিয়ায়। যে হাতে একদিন স্টেনগান ধরেছিলেন, সেই হাতে ধরেন রিকশার হাতল। লোকলজ্জায় দিনে রিকশা চালাতেন না। শুধু রাতে রিকশা চালিয়ে এ মুক্তিযোদ্ধা কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন। মুক্তিযোদ্ধাদের তালিকাতেও ছিল না তাঁর নাম। ২০১৩ সালের ২৬ মার্চ প্রথম আলোতে ‘তিন চাকার যোদ্ধা’ শিরোনামে তাঁকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তারপরই মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠে তাঁর।
আফসার আলী বলেন, ‘ছোটবেলা থেকে প্রতি মুহূর্তের সঙ্গী ছিল রেডিও। একবেলা ভাত না হলেও রেডিওর খবর আর গান না শুনলে দিন কাটত না। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য বিকেল থেকেই রেডিও ছেড়ে কান পেতে রেখেছিলেন। রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেই বাড়িতে কাউকে কিছু না বলে বন্ধুদের সঙ্গে ভারতে চলে যাই। ট্রেনিং শেষে নওগাঁ জেলায় মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধ শেষে গ্রামে ফিরে বাবা-মাকে আর পাইনি। স্ত্রী ও সন্তানেরা অবশ্য অন্যত্র গিয়ে প্রাণে বেঁচে যায়।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে কত দিন যে ঘুরেছি। কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে পারিনি। শেষ পর্যন্ত অভাবের কারণে বাধ্য হয়ে রিকশার হাতল ধরলাম। গ্রামের মানুষ ঠাট্টা করত। লজ্জায় গ্রাম ছেড়ে দুপচাঁচিয়ায় জয়পুরপাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করি। চক্ষুলজ্জায় শুধু রাতে রিকশা চালাতাম। কিন্তু সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে পারিনি। একদিন রাতে যাত্রী নিয়ে ভাড়া খাটার সময় সাংবাদিক ছবি তোলে পত্রিকায় ছাপায়। এরপরই প্রশাসন ফিরা তাকায়।’
আফসার আলী বলেন, পত্রিকায় ছবি আসার পর দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠে তাঁর। এরপর ২০১৪ সালে সরকার বাড়ি নির্মাণ করে দিল। তিনি আরও বলেন, আজ স্বপ্নের মতো লাগে। সরকার বাড়িটির নাম দিয়েছে ‘বীর নিবাস’। জীবনের এসব কথা বলতে বলতে কেঁদে ফেললেন মুক্তিযোদ্ধা আফসার। তাঁর চোখ বেয়ে নামতে থাকে আনন্দাশ্রু।
সরকারের অর্থায়নে বাড়ি পাওয়া আরেক মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খন্দকার (৭৭)। তাঁর বাড়ি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে। নিজ গ্রামেই সরকার তাঁকে নির্মাণ করে দিয়েছে ‘বীর নিবাস’। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ শুনেই গ্রামের আরও চার-পাঁচজন ছেলের সঙ্গে তিনিও ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে গ্রামে ফিরে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। আর বছরে দুবার পেতেন সামান্য কিছু মুক্তিযোদ্ধা ভাতা। এ দিয়ে পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে পারছিলেন না। ছেলেমেয়েরাও ছেড়ে চলে গেছে।
আবদুল হামিদ বলেন, ‘ভাতার টাকা বাড়ানো না হলে এ বয়সে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় থাকা লাগত। আর বাড়িটা পেয়ে তো শেষ জীবনে হলেও মাথা উঁচু করে বলতে পারছি, আমি মুক্তিযোদ্ধা। আমার আর চাওয়া–পাওয়ার কিছুই নাই।’
দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মজিদ বলেন, এ উপজেলায় ১৮০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁদের মধ্যে এখন অনেকেই নেই। ২০ থেকে ২৫ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা রয়েছেন। সরকারিভাবে যেকোনো সাহায্য এলে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে দেওয়া হয়। দুস্থতার মাত্রা বিবেচনা করে ক্রমান্বয়ে বাকি অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।