শেষ দিন হরতাল ঢিলেঢালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ বুধবার রাজধানীতে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগানোর ও কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ রাজধানীর চিত্র অনেকটাই যেকোনো কর্মদিবসের মতো। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। স্কুলগুলোতে শিক্ষার্থী না থাকলেও অফিস আদালত চলছে স্বাভাবিক নিয়মেই। তবে বেশির ভাগ দোকানপাট এখনো বন্ধ রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রণজিত্ সরকার প্রথম আলো ডটকমকে জানান, অটোরিকশাটির সামনে সংবাদপত্রের ব্যানার লাগানো ছিল। গোপন তথ্য থাকায় তাঁরা অটোরিকশাটির পিছু নেন। সকাল পৌনে ছয়টার দিকে সেটি তেজগাঁও চ্যানেল-২৪ এর গলিতে থামে। এরপর এটি থেকে দুজন বের হয়ে একজন পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ তাঁদের ধরতে গেলে একজন পালিয়ে যান। তবে চালক আক্তার হোসেনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয়েছে। অটোরিকশার তেমন কোনো ক্ষতি হয়নি।

পুলিশের দাবি, চালক নিজেই এই অটোরিকশায় আগুন দেন।

দুপুর ১২টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত হোটেল মিডওয়ের ভবন থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে।

এ ব্যাপারে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, হোটেল মিডওয়ের মালিকসহ ১১ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় আনা হয়েছে।

অন্যদিকে সকাল সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসের গলিতে চারটি ককটেল ও পৌনে সাতটায় তিব্বতের গলিতে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম এ তথ্য জানান।