শেষ দিন ‘আপনজনদের’ কাছে মহিউদ্দিনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারের শেষ দিন গতকাল মঙ্গলবার মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিম্ন-আয়ের মানুষের বসতিতে গণসংযোগ করে। ভোটের রাজনীতিতে এখানকার নিম্ন-আয়ের মানুষ মহিউদ্দিনের বড় শক্তি বলে প্রচার আছে। সকালেই আওয়ামী লীগের সমর্থিত এই প্রার্থী পাথরঘাটা, ঝাউতলা, ফিরিঙ্গি বাজার ও মাদারবাড়ি এলাকায় সেবক কলোনি (ঝাড়ুদার), জেলেপাড়া, নালাপাড়া এলাকায় যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘সকালে মনে করলাম, যাঁরা আমার আপনজন, আমাকে ভালোবাসে, যাঁদের কারণে আমি গৌরবান্বিত, তাঁদের সঙ্গে দেখা করে আসি। তাঁরা প্রতিদিন যত্মসহকারে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এঁদেরকে আমি নাম দিয়েছি সেবক।’ বিকেলে বন্দরটিলা, সল্টগোলা ক্রসিং, ইপিজেড মোড়, বন্দরটিলা ও আমিন জুট মিল এলাকায় পথসভা করে তাঁর প্রতীক ‘জাহাজ’ মার্কায় ভোট চান। সংখ্যালঘু ও বস্তিবাসীদের হুমকির অভিযোগ: এদিকে সংখ্যালঘু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বেলা দুইটায় আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ করেন। তিনি বলেন, মন্জুর আলমের লোকজন সংখ্যালঘুদের হুমকি দিচ্ছেন। তাঁরা যাতে ভোটকেন্দ্রে না যান।মহিউদ্দিন চৌধুরী আরও অভিযোগ করেন, ‘মন্জুর বিভিন্ন বস্তিতে টাকার বস্তা নিয়ে নেমেছেন নিম্ন-আয়ের মানুষের ভোট কেনার জন্য।’ তিনি এসব অর্থের প্রলোভন, ভোট কেনা ও হুমকিদাতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া তিনি তাঁর বিরুদ্ধে কুৎসাপূর্ণ প্রচারপত্র বিলি করার অভিযোগ করে বলেন, এসব প্রচারপত্র ছাপানো ও বিলির জন্য নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী টাকা দিচ্ছেন, যা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংসদ (সীতাকুণ্ড) এ বি এম আবুল কাশেম, জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তবে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগের দুই সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও এম এ লতিফ ছিলেন না। তৎপর দলীয় দুই সাংসদ: অবশ্য এ দুই সাংসদ মহিউদ্দিন চৌধুরীর পক্ষে গণসংযোগ করেন। নুরুল ইসলাম গোয়ালপাড়া, এনায়েতবাজার ও বাকলিয়ায় গণসংযোগ করেন।এম এ লতিফ পতেঙ্গা, নিউ মুরিং, আলী শাহ মাজার গেট, হালিশহরের আনন্দবাজার এলাকায় গণসংযোগ করেন।