শেষ দিনে আটটি স্টল বন্ধ করে দিল রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাব মেলার শেষ দিনে গতকাল রোববার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত আটটি আবাসনপ্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেন। এসব কোম্পানির প্রচারপত্র ও কাগজপত্রও জব্দ করা হয়।এদিকে আয়োজকেরা বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগের সমস্যা সত্ত্বেও মেলায় বিক্রি খুব খারাপ হয়নি।গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত মেলাস্থলে যাওয়ার পর বিক্রি বন্ধ করার মৌখিক নোটিশ পাওয়া অননুমোদিত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই লোকজন স্টল থেকে সরে যান। পরে আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বন্ধ করার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে হামিদ রিয়েল এস্টেটের প্রিয়প্রাঙ্গণ, পূর্বাচল ইস্ট উড সিটি, পূর্বাচল গ্রিনল্যান্ড সিটি, এনশিউর লেক সিটি, রিলায়েন্স পারিজাত সিটি, কৃষিবিদ গ্রুপের কৃষিবিদ সিটি, সিনিভা প্রপার্টিজ ও লোহানা প্রপার্টিজের ঈশা খাঁ সিটি।এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের স্টলে লোকজন পাওয়া যায়নি, সেরকম অন্তত ১০টির কাগজপত্র জব্দ করা হয়। রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, একই স্টলে বারবার যেতে হয়েছে। অনেক স্টল গুটিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করার পর সাময়িকভাবে গুটানো হলেও খানিক পরে তাঁরা আবার পসরা সাজিয়ে বসেন।মেলায় কিছু অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বিক্রিতেও কারসাজি খুঁজে পায় রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। যেমন: আপার্টম্যান্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের বনশ্রী এলাকার ডি ব্লকের আনারকলি প্রকল্প। এখানে রাজউকের অনুমোদিত নকশায় সাকল্যে ফ্ল্যাটের আয়তন এক হাজার ৫০ বর্গফুট। কিন্তু বিক্রি করা হচ্ছিল এক হাজার ৬৪০ বর্গফুট হিসেবে। এতে অতিরিক্ত ৫৯০ বর্গফুট সংযোজন করে বিক্রি করা হয়। লিফট, খালি স্থান ইত্যাদির জন্য এখানে সর্বোচ্চ ২৩০ বর্গফুট পর্যন্ত যোগ হতে পারে। এ বিষয়ে রাজউক ব্যবস্থা নেবে বলে তিনি জানান।২ জানুয়ারি শুরু হওয়া রিহ্যাব মেলার গতকাল ছিল শেষ দিন। মেলার আয়োজক আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবারের মেলায় ২২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। রিহ্যাবের পক্ষ থেকে গত সন্ধ্যায় এই প্রতিবেদককে জানানো হয়, অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোর বেশির ভাগে গ্যাস বা বিদ্যুৎ-সংযোগ না থাকায় ক্রেতাদের আকর্ষণ কম। তার পরও তুলনামূলক ভালো বিক্রি হয়েছে। সার্বিক বিষয়ে আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।