শেষ দিনে ইলিশের ঢল, ক্রেতাও উচ্ছল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন ইলিশের শহর পটুয়াখালী! আজ শনিবার শহরের বাজারগুলো ইলিশে সয়লাব। সন্ধ্যার পরও ক্রেতাদের ভিড়ে মুখরিত সব বাজার। দামও কমেছে ইলিশের। ক্রেতারা তাই উচ্ছ্বসিত, উচ্ছল।

ভরা প্রজনন মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে কাল ১ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে ইলিশ ধরা, মজুত, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। কেউ আইন অমান্য করলে জেল-জরিমানাসহ উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তাই ইলিশ ধরা নিষিদ্ধ হওয়ার আগে শেষ দিন ইলিশ ধরার ধুম পড়েছে।
জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। কাল থেকে ইলিশ ধরা ও মজুত করা বন্ধ থাকবে বলে আজ ইলিশ বিক্রি করতে এসেছেন অনেকেই।
সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পটুয়াখালী শহরের নিউমার্কেট, পুরান বাজার, নতুন বাজার, লঞ্চঘাট মাছ পট্টিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ীরা ইলিশ নিয়ে বিক্রির জন্য বসে পড়েছেন। বাজারে প্রচুর ইলিশের সরবরাহ থাকায় দাম কমে গেছে। ক্রেতারাও খুশি। ইলিশ কিনছেন যে যাঁর সাধ্যমতো।

শহরের নিউমার্কেটে কথা হলো ইলিশ ক্রেতা সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, এত দিন ইলিশের দাম একটু বেশি ছিল। এক কেজি ওজনের কম একটি ইলিশের দাম ছিল ৮০০ থেকে ৯০০ টাকা। এখন সেই ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ী মনির হোসেন বলেন, মৎস্য বন্দর মহিপুর, আলীপুর ও কুয়াকাটা ছাড়াও গলাচিপা পানপট্টি, দশমিনা এলাকার ইলিশ রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলে চালান হতো। কিন্তু রাত ১২টার পর ইলিশ ধরা যেমন বন্ধ হবে, তেমনি পরিবহনও বন্ধ হয়ে যাবে। আর মজুত করাও যাবে না। তাই প্রচুর ইলিশ বাজারে এসেছে। তাই কম দামে বিক্রি করতে হচ্ছে।

জেলা মৎস্য কার্যালয় থেকে জানা যায়, প্রায় ১৩ বছর আগে মৎস্য বিভাগ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের উপকূলীয় চারটি প্রধান প্রজননস্থলে নির্দিষ্ট সময়ে ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করে। ফলে প্রতিবছরই ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাই এ বছরও মৎস্য বিভাগ দেশের উপকূলীয় চারটি প্রধান প্রজনন স্থলসহ সারা দেশে মা ইলিশের বিচরণক্ষেত্রগুলোতে চলতি বছরের ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ ইলিশের প্রজনন সময়ে ইলিশ শিকার থেকে বিরত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে জেলাসহ বিভিন্ন উপজেলায় জেলেদের নিয়ে সভা, উঠান বৈঠক করেছে। এ ছাড়া এ ব্যাপারে জেলেদের সচেতন করতে মৎস্য অবতরণ কেন্দ্র, জেলেপল্লিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানোসহ মাইকিং করা হচ্ছে।
ইলিশের প্রজনন সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত করলে তাকে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হবে।

পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পীযূষ কান্তি হরি বলেন, ইলিশ সাধারণত বছরে তিন থেকে চারবার ডিম দিতে উজানে নেমে আসে। গভীর পানি ও প্রবল স্রোতে ইলিশ উজানে নেমে এসে প্রজননে অংশ নেয়। তবে আশ্বিনের বড় পূর্ণিমার ‘জো’ ইলিশের ভরা প্রজনন মৌসুম। এই ডিম থেকে উৎপাদিত পোনাকে বলে আশ্বিনী পোনা এবং আশ্বিনী পোনা থেকেই ইলিশের উৎপাদন সবচেয়ে বেশি হয়। ভরা প্রজনন মৌসুম জেলেদের সচেতন করে মা ইলিশ শিকার বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা আবু হাছানাত প্রথম আলোকে বলেন, মা ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময়ে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার কারণে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ বছরও ইলিশের প্রজনন নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।