শেষ দিনে জমজমাট পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের এই সময়টা পরিবার নিয়ে ঘুরে বেড়াতে চান অনেকে। বেড়াতে যাওয়ার উড়োজাহাজ সংস্থা, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক বা কোন পযর্টন প্রতিষ্ঠান কী ছাড় দিচ্ছে, তা জেনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। তাই চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলার শেষদিন ছিল জমজমাট। কেউ একা, কেউবা বন্ধুকে নিয়ে, কেউবা পুরো পরিবার নিয়েই হাজির হন নগরের পেনিনসুলা হোটেলে।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শেষ হয়েছে গতকাল শনিবার। আয়োজকেরা জানান, মেলায় প্রায় সাড়ে আট হাজার দর্শনার্থী এসেছেন। উড়োজাহাজের টিকিট ও ভ্রমণ প্যাকেজের জন্য প্রায় ৫০ লাখ টাকার বুকিং দিয়েছেন দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এখানে এক ছাদের নিচে অনেক প্রতিষ্ঠানের প্যাকেজ সম্পর্কে জানা যায়। এর ফলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর পরিকল্পনা থেকেই কোন প্রতিষ্ঠানের কী সেবা, তা জানতে তিনি মেলায় এসেছেন। কোনো একটি প্রতিষ্ঠানের প্যাকেজ বুকিং দিতে চান তিনি।
এবারের দেশি-বিদেশি ১৯টি প্রতিষ্ঠান ২৫টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ সংস্থা, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন কর্তৃপক্ষ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা উপলক্ষে উড়োজাহাজের টিকিট, হোটেল-ভাড়া, ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় দেয়।
গতকাল সন্ধ্যার পরও অনেক দর্শনার্থী বিভিন্ন স্টলে উড়োজাহাজ সংস্থা ও ট্যুর অপারেটরদের নানা প্যাকেজ সম্পর্কে জানতে ভিড় জমান।
মেলার আয়োজক দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রথম আলোকে বলেন, এ আয়োজনের উদ্দেশ্য ছিল চট্টগ্রামবাসীকে পর্যটনের প্রতি আকৃষ্ট করে তোলা। শুরুর দিকে পর্যটন মেলায় দর্শনার্থীদের তেমন সাড়া ছিল না। তবে সপ্তমবারের মতো এই আয়োজনে এবার দর্শনার্থীদের অংশগ্রহণ প্রমাণ করেছে, পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। চট্টগ্রামের পর্যটনশিল্প গতিশীল হলে এই উদ্যোগ সার্থক হবে বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মেলার সহযোগিতায় ছিল ইউএস বাংলা এয়ারলাইনস ও ট্যুরিজম মালয়েশিয়া।