শেষ দিনে টিকিট মিলছে আরামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা। ছবি: আশরাফুল আলম
কমলাপুর স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা। ছবি: আশরাফুল আলম

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে আজ শুক্রবার রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় গত কয়েক দিনের তুলনায় কম। ফলে টিকিট প্রত্যাশীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। টিকিট হাতে পেয়ে সবার চোখেমুখে ছিল বাড়ি যাওয়ার আনন্দ।

আজ সকাল আটটা থেকে শুরু হয় ২৫ জুনের যাত্রার আগাম টিকিট বিক্রি। অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীদের অনেকেই ভোরে কিংবা সকালে এসেছেন। তবে কাউন্টারের সামনের সারির দিকের কেউ কেউ ভোরে সাহ্‌রির পর স্টেশনে আসেন।

বেলা গড়াতেই স্টেশনে লোকজনের ভিড় আস্তে আস্তে কমতে থাকে। কয়েকটি কাউন্টার একেবারেই ফাঁকা হয়ে যায়। দিনাজপুরের একতা, দ্রুতযান, নীল সাগর এক্সপ্রেস, চট্টগ্রামের তূর্ণা, মহানগর, চট্টলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহীর সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস কাউন্টারের সামনে ভিড় ছিল না বললেই চলে। তবে দুপুর ১২টা পর্যন্তও দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জের পথের ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখা যায়।

এই ব্যক্তি যাবেন চট্টগ্রামে। ঈদের আগাম টিকিট পেতে অন্য দিন যেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করত হয়েছে, আজ তা আধা ঘণ্টার মধ্যেই পেয়ে যান তিনি। ছবি: আশরাফুল আলম
এই ব্যক্তি যাবেন চট্টগ্রামে। ঈদের আগাম টিকিট পেতে অন্য দিন যেখানে কয়েক ঘণ্টা অপেক্ষা করত হয়েছে, আজ তা আধা ঘণ্টার মধ্যেই পেয়ে যান তিনি। ছবি: আশরাফুল আলম

স্টেশন কাউন্টারের সামনে ১০ মিনিট দাঁড়িয়ে থেকে টাঙ্গাইল যাওয়ার টিকিট কেটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান। তিনি প্রথম আলোকে বলেন, গতবার তাঁর বাবা এসেছিলেন টিকিট কাটতে। চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট পাননি। আর আজ তিনি পাঁচ মিনিটে দাঁড়িয়েই টিকিট কিনতে পারলেন।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী আরাফাত রহমানও স্টেশনে কম ভিড় দেখে স্বস্তি প্রকাশ করেন। তিনি গতকাল বৃহস্পতিবারেও টিকিট কিনতে এসেছিলেন। কাঙ্ক্ষিত চারটি টিকিট হাতে নিয়ে প্রথম আলোকে বললেন, ‘আজকে ৪০ মিনিট দাঁড়ায়ে থেকেই টিকিট পেয়েছি। গতকাল তো টিকিট পেতে সাত ঘণ্টা দাঁড়াতে হয়েছিল।’

স্টেশনে নারীদের জন্য তিনটি কাউন্টার থেকে টিকিট নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধীদের জন্য একটিমাত্র কাউন্টার বরাদ্দ ছিল। এতে অনেক নারীই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর এই তিনটি কাউন্টার দেওয়া হয়।

গৃহিণী হাসিনা খাতুন স্টেশনে এসেই টাঙ্গাইল যাওয়ার নীলসাগর এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিবারই বাড়ি যাই। টিকিট কিনতে এসে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়তে হয়। আজকে তিন-চার মিনিট দাঁড়িয়ে থেকেই টিকিট পেয়েছি। অনেক ভালো লাগছে টিকিট হাতে পেয়ে।’

গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটিমাত্র কাউন্টার ছিল। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর তিনটি কাউন্টার দেওয়া হয়। তাই আজ এই নারী এসেই পেয়ে গেলেন টিকিট। তিনি স্বামী-সন্তান নিয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়ায়। ছবি: আশরাফুল আলম
গত কয়েক দিনে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটিমাত্র কাউন্টার ছিল। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর তিনটি কাউন্টার দেওয়া হয়। তাই আজ এই নারী এসেই পেয়ে গেলেন টিকিট। তিনি স্বামী-সন্তান নিয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়ায়। ছবি: আশরাফুল আলম

গত সোমবার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে সূত্র জানায়, আজ শেষ দিনে ২৪ হাজার ৬০৮টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি হবে, ২৫ শতাংশ মুঠোফোন বা অনলাইনের মাধ্যমে, ৫ শতাংশ ভিআইপিদের জন্য এবং ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তাদের জন্য বরাদ্দ।

এবারের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী। তিনি প্রথম আলোকে বলেন, শেষ দিনেও সকাল থেকে সবাই টিকিট পাচ্ছে। কোনো বিশৃঙ্খলা বা ঝামেলাই হয়নি। মানুষের আচরণেরও পরিবর্তন হচ্ছে।

এবারের ঈদ ২৬ জুন ধরে গত সোমবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। আর ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই এই দুই দিনের টিকিট কিনে ফেলেন। ২৫ জুন ঈদের আগের দিন হওয়ায় টিকিট কিনতে আসা লোকজনের ভিড় অন্যান্য দিনের তুলনায় কম ছিল।