চট্টগ্রাম রেলস্টেশনে গতকাল শনিবারও ঘরমুখি মানুষের টিকিটের জন্য উপচে পড়া ভিড় ছিল। তবে রাজধানী ঢাকার টিকিটের চাহিদা ছিল কম। ফলে সুবর্ণ এক্সপ্রেসসহ তিনটি আন্তনগর ট্রেনের অনেক টিকিট অবিক্রীত রয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে গতকাল বিক্রি হয়েছে ২৪ সেপ্টেম্বরের টিকিট।
রেলওয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহগামী ট্রেনের টিকিটের চাহিদা বেশি ছিল। এ ছাড়া চট্টগ্রাম-ঢাকা রেলপথের মধ্যবর্তী স্টেশনগুলোর টিকিটের যথেষ্ট চাহিদা ছিল।
২৪ সেপ্টেম্বর মহানগর গোধূলী ট্রেনের টিকিট কিনতে এসেছিলেন সাইদুর রহমান। তিনি যাবেন কুমিল্লা।কিন্তু কুমিল্লার টিকিট পাননি। তাই বাধ্য হয়ে ঢাকার টিকিট কিনেছেন।
বরিশালের বাসিন্দা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চাঁদপুর হয়ে আমরা বরিশালে যাই। কিন্তু চাঁদপুরগামী টিকিটের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। অনেক কষ্টে দুটি টিকিট সংগ্রহ করেছি।’
ঈদ উপলক্ষে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, প্রভাতী, চট্টলা, গোধূলী ও তূর্ণা, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এবং চাঁদপুরগামী মেঘনা ও ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে আরও দুটি বিশেষ ট্রেন ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর যাত্রী পরিবহন করবে। ট্রেনগুলো প্রতিদিন বেলা সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নয়টি আন্তনগর ট্রেনের আসনসংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে অনলাইন, ভিআইপি ও রেল কর্মীদের কোটার প্রায় দেড় হাজার বাদ দিয়ে বাকি ৫ হাজার ২৭৮টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত রাখা হয়। এ ছাড়া চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের ১ হাজার ২৪৮টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত রাখা হয়।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ও ঢাকার মধ্যবর্তী স্টেশনগুলোর টিকিটের ব্যাপক চাহিদা ছিল। সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি। তবে ২৪ সেপ্টেম্বরের ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের তিন শতাধিক টিকিট অবিক্রীত রয়ে গেছে। এ ছাড়া ওই দিনের ঢাকাগামী গোধূলী ও তূর্ণা এক্সপ্রেসেরে টিকিটও কাউন্টারে পাওয়া যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের ৩১৫টি, মহানগর গোধূলীর ১৩৬টি এবং তূর্ণা নিশিথার ২২৪টি টিকিট অবিক্রীত ছিল। যাত্রীদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সুবর্ণ এক্সপ্রেসের ৫২৬টি, গোধূলীর ৫৫৯টি এবং তূর্ণা নিশিথার ৫২৩টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।
ভিআইপি কোটা বাতিলের দাবি : ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে ভিআইপি কোটা বাতিলের দাবি জানিয়েছে ক্রেতা-ভোক্তাদের স্বার্থসংরক্ষণকারী সংগঠন কনজু৵মারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি। গতকাল শনিবার রেলমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় এই দাবি জানানো হয়।
বার্তায় স্বাক্ষর করেন ক্যাব বিভাগীয় কমিটির সভাপতি এস এম নাজের হোসাইন ও সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র প্রমুখ।