
গানের সুর ভেসে আসছিল বেগুনি রঙের তাঁবু ‘কসমিক টেন্ট’ থেকে—‘আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’। ভেতরে ঢুকে দেখা যায় পর্দায় চলছে প্রামাণ্যচিত্র দ্য সেইন্টস অব সিন, পুরুষতান্ত্রিক সমাজের চোখে ‘পাপী’ হয়ে ওঠা আট নারীর উপাখ্যান।
ঢাকা লিট ফেস্টের শেষ দিনের অধিবেশনগুলোতে বারবার ঘুরেফিরে এসেছে নারীর কথা। পুরুষতান্ত্রিক সমাজে তাঁর অবস্থান, তাঁর জীবনযুদ্ধ, তাঁর ভাবনার কথা।
তিন বছর ধরে ধারণকৃত দ্য সেইন্টস অব সিন-এ বাংলা ভাষাভাষী আট নারী বলেছেন তাঁদের ব্যক্তিগত সুখ-দুঃখ-সংগ্রামের কথা। কীভাবে নারীর ‘রাগ’, ‘ঈর্ষা’, ‘লালসা’, ‘অলসতা’র মতো মানবিক প্রবৃত্তিগুলো পুরুষতান্ত্রিক সমাজের চোখে ‘পাপ’ হয়ে ওঠে, তা উঠে এসেছে একেকজন নারীর আলোচনায়।
‘গার্লস পাওয়ার’ শিরোনামে দিনের শুরুর আরেক অধিবেশনে ছিল বাংলাদেশের তিন নারী খেলোয়াড়ের নানান বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার গল্প। এই পর্বে অংশ নেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম, বিদেশি লীগে খেলতে যাওয়া দেশের প্রথম ফুটবলার সাবিনা খাতুন ও জেলা পর্যায়ের ফুটবলার শ্যামলী বসাক। জাহানারা বলেন, নারীর ঘরের বাইরের কাজে অংশগ্রহণে পরিবারের সহযোগিতা সবার আগে জরুরি।
সমাজ-সংস্কৃতি-ধর্মের নামে নারীর পোশাক নিয়ে চলা রাজনীতির আলোচনাও বাদ যায়নি। ‘হোয়াট নট টু ওয়্যার’ অধিবেশনে নৃতত্ত্ববিদ সামিয়া হক বলেন, ‘নারীর পোশাকও রাজনীতির বাইরে নয়।’ সঞ্চালক লেখক সাদিয়া দাহলভি বলেন, সেদিক থেকে দেখলে ঢাকা অনেক উদার। ভারতের পাঞ্জাব, দিল্লি বা হরিয়ানা এ ক্ষেত্রে অনেক বেশি রক্ষণশীল।
আলোচকদের মধ্যে আরও ছিলেন অধিকারকর্মী তাসাফি হোসেন, গবেষক আমিনা ইয়াকিন ও উদ্যোক্তা হানিয়াম মারিয়া চৌধুরী। কথা হয় ফ্রান্সের বুরকিনি নিষেধাজ্ঞা ও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নারী ইরানি দাবাড়ুদের প্রতি হিজাব পরার নির্দেশ নিয়েও।
বিকেলে লিট ফেস্টের ‘বটতলা’ ভেন্যুতে বরিশালের মনসামঙ্গল সম্প্রদায় কবি বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যের ‘বেহুলা-লখিন্দর’ পর্ব নিয়ে রয়ানি গান পরিবেশন করে।
‘আদি কথা ও নৃ’ অধিবেশনে ভারত ও বাংলাদেশে আদিবাসীদের অবস্থা, সংকট, সংস্কৃতি নিয়ে আলোচনা করেন আকবর আহমেদ, জফির সেতু, মিথুন রাখসাম। গারো কবি মিথুন রাখসাম বলেন, মাতৃতান্ত্রিক গারো সমাজে ধর্ষণ শব্দটির কোনো ব্যবহার ছিল না। এখন গোত্রের ভেতরেই এ ধরনের নিপীড়নের ঘটনা ঘটছে।
আরও অনেক বিচিত্র বিষয় ছিল উৎসবের শেষ দিনের আলোচ্যসূচিতে। এই ভূখণ্ডে ক্ষমতার রাজনীতি ও মনুষ্যত্বের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা দ্বন্দ্ব নিয়ে অধিবেশন ‘যুদ্ধ শেষের যুদ্ধ’। আলোচকদের মধ্যে ছিলেন লেখক-সাংবাদিক ফারুক ওয়াসিফ ও মাহবুব আজিজ, সাহিত্যিক আকিমুন রহমান ও কবি আহসান আকবর।
‘মসলিনস মিসটিক’ অধিবেশনে দৃকের সিইও সাইফুল ইসলামের বই মসলিন: আওয়ার স্টোরি নিয়ে আলোচনা হয়। কী করে হারিয়ে যাওয়া মসলিন কাপড়ের ঐতিহ্য আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে, সেটা নিয়ে কথা বলেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম, ক্রাফটস বিশেষজ্ঞ রুবি গজনবী ও লেখক ফখরুল আলম।
শিল্পী মনিরুল ইসলামের নির্বাচিত কাজ নিয়ে প্রকাশিত মনিরুল ইসলাম: সিলেক্টেড ওয়ার্কস ১৯৬১-২০১৬ বইটি নিয়ে একটি অধিবেশনে শিল্পীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শেষ দিনে আরও ছিল জেমকন সাহিত্য পুরস্কারের আয়োজন। আবদুল জলিল যে কারণে মারা গেল উপন্যাসের জন্য এ বছর পুরস্কার পান লেখক মঈনুল আহসান সাবের।
জেমকন তরুণ কথাসাহিত্যিক পুরস্কার পান মুস্তাফিজ কারিগর তাঁর বস্তুবর্গ-এর পাণ্ডুলিপির জন্য।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে জুরিদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ঝর্ণা রহমান, কবি জহর সেন মজুমদার ও আকবর আহমেদ। আরও ছিলেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।
তিন দিনের এই সাহিত্য উৎসবের সমাপনী অধিবেশনে আয়োজকদের পক্ষ থেকে ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ বলেন, এবার প্রায় ২০ হাজার দর্শনার্থী উৎসবে যোগ দিয়েছেন এবং শতাধিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পর্বে প্রধান অতিথির ভাষণে স্যার ফজলে হাসান আবেদ বলেন, উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে সংস্কৃতির পরিবর্তন করা। যখন একজন নারী শিক্ষিত হন, তখন তিনি তাঁর পরিবার ও পরিপার্শ্বে পরিবর্তন নিয়ে আসেন। লিট ফেস্টের মতো সাংস্কৃতিক আয়োজনগুলো এই উন্নয়নের কাজটি করছে।
সবশেষে সদ্যপ্রয়াত বাউল রব ফকিরকে স্মরণ করে ‘শিকড়’-এর পরিবেশনার মধ্য দিয়ে ঢাকা লিট ফেস্টের এ বছরের আয়োজন শেষ হয়।