
ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক আর মিরপুরের জমকালো বেনারসি প্রদর্শনসহ নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল, ২০১৬।
বাংলার তাঁতশিল্পের হারানো গৌরব ফিরিয়ে এনে এই শিল্পকে পুনরায় বৈশ্বিক রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে গত বৃহস্পতিবার ঢাকার সামরিক জাদুঘর মাঠে বর্ণাঢ্য এই বুনন উৎসব শুরু হয়। গতকাল শনিবার ছিল উৎসবের সমাপনী দিন।
আন্তর্জাতিক এই উৎসবের এবারের প্রতিপাদ্য ছিল ‘দেশি কাপড় পরুন, দেশি কাপড় কিনুন’। দেশি-বিদেশি অনেকগুলো ফ্যাশন হাউস এবং বাংলাদেশসহ যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট ২৫ জন জনপ্রিয় ডিজাইনারের অংশগ্রহণ এই উৎসবকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। গত তিন দিনে উৎসবে আগত অতিথি ও আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব বাংলাদেশের তাঁতিদের তৈরি শৈল্পিক পণ্যগুলোর আন্তর্জাতিক বাজার তৈরি এবং এর উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
উৎসবের প্রথম দুই দিনে ফ্যাশন শোর মাধ্যমে খাদি, জামদানি, গামছা ও মসলিনের তৈরি পোশাকের প্রদর্শনীর পর গতকাল প্রদর্শিত হয় ক্ষুদ্র জাতিসত্তার কোমর তাঁত, মণিপুরি তাঁত ও এর সঙ্গে দেশি কাপড়ের মিশ্রণে তৈরি আকর্ষণীয় সব পোশাক। এই পরিবেশনায় ডিজাইনার তেনজিং চাকমা, ফারজানা মালিক ও আফসানা ফেরদৌসীর নকশা করা পোশাক পরে মঞ্চে আসেন মডেলরা। ছিল জামদানির জমকালো উপস্থাপন ও নেপালের ডিজাইনার সুষমা সিংয়ের নকশা করা পোশাকের প্রদর্শনী। এদিন আরও প্রদর্শিত হয় টুটলি রহমান ও স্যামুয়েল হকের নির্দেশনায় জামদানির ওপর বিশেষ নাটক, জামদানি নিয়ে তথ্যচিত্র ও সাধনা ড্যান্স গ্রুপের কত্থক ফিউশন।
শেষ দিনে উৎসবের শুরুতে বিশেষ অতিথির বক্তব্যে অলিভিয়া প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সীমা হামিদ বলেন, ‘বাংলাদেশের তাঁতশিল্পের গৌরবোজ্জ্বল অতীত, প্রশ্নবিদ্ধ বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত এর মাধ্যমে বাংলাদেশের তাঁতশিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনার আন্দোলন শুরু হলো। যাতে করে আমরা এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বীকৃতির সঙ্গে তাঁদের কাজের যথার্থ মূল্যায়ন করতে পারি।’
এই দিন দেশের ১২ জন নারী তাঁতশিল্পীকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই শিল্পীরা মঞ্চে আসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় চড়ে। সেখানে দেশের শীর্ষস্থানীয় মডেলরা তাঁদের বরণ করে নেন। এ ছাড়া তাঁতশিল্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার জন্য শরৎমালা চাকমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
এই নারী তাঁতশিল্পীদের সম্পর্কে উৎসবের আয়োজকদের কো-চেয়ার টুটলি রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁতশিল্পের সঙ্গে জড়িত এই নারীরা বরাবরই আড়ালে থাকেন। প্রচারের আলো তাঁরা কখনো পান না। অথচ এই শিল্পটি অনেকটাই তাঁদের অবদানের ওপর দাঁড়ানো। আমরা এই শিল্পের সঙ্গে জড়িত নারীদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও সক্ষম করে গড়ে তুলতে চাই।’
মূল মঞ্চে এত সব আয়োজনের বাইরে এ দিন উৎসবে আগত অনেক আগ্রহী দর্শনার্থীকে উৎসবস্থলের মূল ফটক দিয়ে ঢুকে ডান দিকে তৈরি মক ভিলেজে ভিড় করতে দেখা যায়। যেখানে তাঁতিরা দর্শনার্থীদের গামছা, খাদি ও জামদানি বোনা দেখাচ্ছিলেন। ছিল চরকায় সুতা কাটতে দেখার দুর্লভ সুযোগ। উৎসবের শেষ পর্বে ছিল ভারতীয় শিল্পী অর্ক মুখার্জি ও বাংলাদেশের শিল্পী জেমসের পরিবেশনা।