শেষ দিনে বিষাদের ছায়া
কক্সবাজার শহরের রাখাইন পল্লির টেকপাড়া সড়কটি গত দুদিন রাখাইন তরুণ-তরুণীদের নাচ-গান আর আনন্দফুর্তিতে সরগরম ছিল। কিন্তু গতকাল সোমবার বিকেলে তাঁদের হঠাৎ অন্যরকম দেখাল। তাঁদের সবার মনে বিষণ্নতা। কারণ, গতকাল ছিল সাংগ্রাং উৎসবের শেষ দিন। কাছে পেয়েও হারানোর ক্ষণ।কলেজছাত্রী থিন থিন রাখাইন এসেছেন চকরিয়ার হারবাং গ্রাম থেকে। শহরের এক আত্মীয়ের বাসায় থেকে গত দুদিন জলকেলিতে অংশ নেন। উৎসবের প্রথম দিন টেকপাড়ার এক তরুণ মণ্ডপে এসে তাঁকে জল ছুড়ে মারেন। সাড়া দেন থিন থিন। এরপর দুজনের মধ্যে দীর্ঘক্ষণ জল ছুড়ে মারামারি চলে। ফাঁকে চলে ভাববিনিময়। দ্বিতীয় দিনটাও তাঁরা পার করেন হাসিখুশিতে। গতকাল দুপুরেও তাঁরা জলকেলিতে অংশ নেন। কিন্তু বিকেলে থিন থিনের চোখে জল, মুখে বিষণ্নতা। কাছে টেনে নিয়ে তরুণ জানতে চান, চোখে জল কেন? জবাব, ‘আজ উৎসবের শেষ দিন। কষ্ট তো একটু হবেই। আবার দেখা হবে তো?’তরুণীর মাথার ওপর শেষবারের মতো এক জগ মঙ্গলজল ঢেলে দিতে দিতে তরুণের জবাব, ‘অবশ্যই। আগামী বছরের এ দিনে তোমার সঙ্গে আবার দেখা হবে। যদি তুমি ভুলে না যাও।’ তরুণী হাত ছুঁয়ে বলেন, ‘ভুলব না কোনো দিন। ভুলো না আমায়।’মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার রাখাইন সম্প্রদায়ের এ উৎসবে পাত্রী নির্বাচনের দায়িত্ব পুরুষের। তরুণেরা সাড়া দিলে তরুণীরা জলকেলিতে অংশ নিতে পারেন। প্রতিটি সুসজ্জিত মণ্ডপে তরুণীরা ড্রাম বা কাঠের তৈরি নৌকাভর্তি জল নিয়ে তরুণদের অপেক্ষায় থাকেন। বিভিন্ন মহল্লা থেকে তরুণেরা নেচে-গেয়ে মণ্ডপে প্রবেশ করেন। তার পর মণ্ডপে অপেক্ষায় থাকা তরুণীদের সামনে এসে দাঁড়ান। এর পর তরুণেরা যাঁর যাঁকে পছন্দ বেছে নিয়ে জল ছুড়ে মারেন। তরুণীরাও তত্ক্ষণাত্ জল ছুড়ে তরুণের ডাকে সাড়া দেন। এভাবে পছন্দের পাত্রের সঙ্গে পাত্রীর দীর্ঘক্ষণ চলে পানিখেলা। এরই ফাঁকে বন্ধুত্বের গোপন চুক্তিটি হয়ে যায়। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা উ মং ছেন হ্লা জানান, জলকেলিতে অংশ নিতে তরুণেরা পছন্দের তরুণীকে বেছে নেন সত্যি। কিন্তু এর অর্থ বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন নয়। জলকেলিতে আনন্দফুর্তি করতে গিয়ে কেউ কেউ ধর্মীয় রীতির বাইরে গিয়ে অনেক কিছু করে ফেলেন। এটাকেও আমরা আনন্দের বহিঃপ্রকাশ বলে মেনে নিই। সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাথিন রাখাইন জানান, অন্য বছরের তুলনায় এবার জাঁকজমকভাবে জলকেলি উৎসব পালিত হয়েছে।