শেষ দিনে ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটিয়েছেন ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান ও ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান গতকাল প্রচারণা চালিয়েছেন টঙ্গী এলাকায়। সকালে আজমত উল্লা খান টঙ্গী এলাকার একটি পোশাক কারখানা ও সেনাকল্যাণ ভবনে প্রচারণা চালান। সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় আজমত উল্লা বলেন, ‘আমি ১৮ বছর টঙ্গীর মেয়র ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাজীপুরকে গড়ে তুলতে চাই।’ নির্বাচনের ফল মেনে নেবেন কি না—এই প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘জনগণের রায় আমি সব সময়ই মেনে নিয়েছি। এবারও মেনে নেব।’
১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকা থেকে প্রচারণা শুরু করেন। সেখানে তিনি কয়েকটি শিল্প কারখানার শ্রমিকদের কাছে ভোট চান। এরপর এম এ মান্নান গাজীপুর সরকারি মহিলা কলেজ, জয়দেবপুর বাজার, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, আমবাগ ও পূবাইল এলাকায় প্রচারণা চালান। বিকেলে তিনি সালনা এলাকায় একটি পথসভায় যোগ দেন।
নির্বাচনী প্রচারণার সময় এম এ মান্নান বলেন, ‘এই সরকারের পক্ষে মানুষ নেই। আমি বিশ্বাস করি, ৭৫ শতাংশ ভোটই আমার দিকে পড়বে।’ তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হলে আমি অবশ্যই ফল মেনে নেব।’