শেষ দিনে মন্জুরের পক্ষে প্রচারে নামেন সব নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিএনপির প্রভাবশালী নেতারা মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে গণসংযোগে অংশ নেন। দলীয় প্রার্থীর পক্ষে এসব নেতা পৃথকভাবে প্রচার চালান। তবে বিকেলে সবাই একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন। নগরের একটি হোটেলে ওই সংবাদ সম্মেলনে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তাঁরা।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন সবাই বিভেদ ভুলে কাজ করছেন। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, এই নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় অর্জন হলো, বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে পারা। যেটা আওয়ামী লীগ পারেনি। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান খাতুনগঞ্জে মন্জুর আলমকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন রেলওয়ে কলোনি এলাকায় মন্জুরের পক্ষে প্রচারে অংশ নেন। অন্য নেতারা পৃথকভাবে বিভিন্ন স্থানে প্রচারে অংশ নেন।সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোটের অন্যান্য শরিক দলের কোনো নেতাকে দেখা যায়নি। জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এটা মূলত বিএনপির সংবাদ সম্মেলন ছিল। তাই জামায়াত বা অন্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের আমির শামসুল ইসলাম বলেন, তাঁদের নেতা-কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে মন্জুর আলমের পক্ষে প্রচার চালিয়েছেন।সংবাদ সম্মেলনে নানা অভিযোগ: মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিশেষ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করতে বলেছেন। এটা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। অথচ নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। আমীর খসরু বলেন, মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় পানি সরবরাহ করা হচ্ছে সিটি করপোরেশনের ভাউজারে (পানিবাহী ট্রাক) করে। ঢাকা থেকে এসে আওয়ামী লীগের নেতারা সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (সিডিএ) বিভিন্ন সরকারি অতিথিশালা ব্যবহার করে মহিউদ্দিনের পক্ষে প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগের কথায় পুলিশ ও প্রশাসনের লোকজন তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছে।