শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল রোববার মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জমির উদ্দীন, বিএনপি-সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি হাজি মো. মুন্সি মিয়া, পার্বত্য সম-অধিকার আন্দোলন-সমর্থিত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির ও স্বতন্ত্র হিসেবে মারিশ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। গত বছর সারা দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতা থাকায় বাঘাইছড়িতে নির্বাচন হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, আজ সোম ও কাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ৮ জানুয়ারি।