শেষ দিনে যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী পক্ষের ‘ফিরে দেখা জামায়াত-বিএনপির তাণ্ডব’ শীর্ষক ব্যঙ্গচিত্র প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। বিকেলে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজামীসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ‘দীর্ঘসূত্রতা’ কমিয়ে রায় দ্রুত কার্যকর ও যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের দাবিতে ২৫ ফুট দীর্ঘ কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সমাপনী কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণেরা যে গণজাগরণ মঞ্চ গঠন করেছিলেন, তাঁরাই আজ বিচারের দীর্ঘসূত্রতা বন্ধের দাবি তুলেছেন। তিনি দ্রুত শীর্ষ যুদ্ধাপরাধীদের অপেক্ষমাণ রায় ঘোষণার দাবি করেন।
সমাপনী বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের এই অংশের নেতা কামাল পাশা চৌধুরী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের প্রত্যেক মানুষের প্রাণের দাবি। এই বিচার নিয়ে যে দীর্ঘসূত্রতা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। ঈদের পর জামায়াত-বিএনপির ঘোষিত কর্মসূচি প্রতিরোধে গণজাগরণ মঞ্চও মাঠে থাকবে বলে ঘোষণা দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, প্রজন্ম-’৭১-এর সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীন, মেহেদী হাসান, আবির ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ব্যঙ্গচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি গণজাগরণ মঞ্চের উপস্থিত কর্মীদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণার পরিপ্রেক্ষিতে তাদের ‘অতীত ভূমিকা’ মনে করিয়ে দিতে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।