শেষ দিনেও ককটেল, নাশকতা সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক ককটেল বিস্ফোরণ, পুলিশ-সাংবাদিকদের ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর-সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল। শেষ দিনে গতকাল মাগুরায় পুলিশের গুলিতে ছাত্রদলের কর্মী এবং কক্সবাজারের কুতুবদিয়ায় হরতালের শেষ মুহূর্তে জামায়াত-পুলিশ সংঘর্ষে দুজন নিহত হন।
এ ছাড়া কিশোরগঞ্জের বাজিতপুরে হরতালের দ্বিতীয় দিনে আহত আওয়ামী লীগের এক নেতা সোমবার রাতে মারা গেছেন। এ নিয়ে তিন দিনের হরতালে নিহত হয়েছেন ১৩ জন, আহত হয়েছেন সহস্রাধিক। গতকাল সংঘর্ষে আহত হন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। এ ছাড়া বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলসেতুতে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা।
গতকাল দেশজুড়ে সহিংসতায় চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ দুই শতাধিক লোক আহত হন। বেলা ১১টার দিকে মাগুরার মহমঞ্চদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে বড়রিয়া গ্রাম থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের দিকে যাওয়ার পথে আউনাড়া বাজার এলাকায় হরতালবিরোধীরা বাধা দেয়। এ সময় বাবুখালী ইউনিয়ন বিএনপির কিছু নেতা-কর্মী ফিরে যান। পথে ধোয়াইল বাজার এলাকায় হরতালবিরোধী ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে ছাত্রদলের নেতা মারুফ সর্দারসহ (২২) নয়জন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ মারুফকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মারুফ উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ বলেন, ঘটনার প্রতিবাদে আজ বুধবার মহমঞ্চদপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। মহমঞ্চদপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ কোনো গুলি করেনি। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গুলিবিনিময় হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুং বাজারে হরতালের শেষ মুহূর্তে সন্ধ্যায় জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত হন দুজন। তাঁরা হলেন লেমশীখালী ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইউনুছ (২০) ও উত্তর ধুরুং ইউনিয়নের ফায়জানিরপাড়া গ্রামের মৃত ইসমাঈলের ছেলে আবু বক্কর (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ মো. নোমান ও তাজুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহর দাবি, কুতুবদিয়ায় সংঘর্ষে তাঁদের পাঁচজন নিহত হয়েছেন। তিনি বলেন, এর প্রতিবাদে আজ কক্সবাজারে বিক্ষোভ এবং কাল বৃহস্পতিবার কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, কুতুবদিয়ায় সহিংসতায় দুজন নিহত হয়েছেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় হরতালের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগের নেতা সের আলী মিয়া সোমবার রাতে মারা গেছেন। তিনি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গাজীপুরের শিববাড়ী রাইডার স্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনের একটি মিছিলের পেছন থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেনসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে পুলিশের গুলিতে আহত হন চা-দোকানি অহিদ (২৭)। সংঘর্ষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানও আহত হন। তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার তিনমাথা রেলগেটসংলগ্ন আপইল এলাকায় সোমবার রাতে যুবদলের নেতা হেলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায় হরতালবিরোধীরা। ভোরের দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইলে ১২টি ট্রাক ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। পিকেটারের ভয়ে দ্রুত পালানোর সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকটির চালক ও সহকারী আহত হন।
সকালে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। মাটিডালি ও ঝোপগাড়ি এলাকায় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এ ছাড়া সোমবার রাতে বগুড়া শহরের চেলোপাড়া রেলসেতুতে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। এতে রেলপথের চারটি স্লিপার পুড়ে যায়। এদিকে নন্দীগ্রাম উপজেলার তেঁতুলিয়া গ্রামের সিরাজউদ্দিনের বাড়িতে হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে সিরাজউদ্দিনের মাদ্রাসাপড়ুয়া দুই ছেলে আলী হোসেন ও আবু হোসেন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা। খানপুর বরফ কল এলাকায় আগুন দিয়েছে একটি ট্রাক ও একটি টেম্পোতে। ভাঙচুর করে আটটি গাড়ি।
রূপগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া কাঞ্চন খানের বাড়ি এলাকায় পিকেটারদের ককটেলে চারজন সাংবাদিক আহত হন। তাঁরা হলেন কালের কণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেঞ্চদ, আজকালের খবর-এর রিয়াজ হোসেন, সকালের খবর-এর জি এম শহীদ ও অর্থনীতি প্রতিদিন-এর ইমদাদুল হক।
সাতক্ষীরার তালা উপজেলা সদরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আহত হয়েছেন। সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জে সংঘর্ষ হয়েছে জামায়াত-পুলিশে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় সকালে ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ইসলামী ঐক্যজোটের সঙ্গে জামায়াত ও বিএনপির কর্মীরা যোগ দেন। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। কসবার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় সোমবার রাতে রেলসেতুর স্লিপারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আগুন নেভায়। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের শাহবাজপুর সড়কের কালিবাজারে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষে ১০ জন আহত হন। আগুন দেওয়া হয় দুটি মোটরসাইকেলে। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন। দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে আহত হন পুলিশের তিন সদস্য।
পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পুল এলাকায় জেলা যুবলীগের সদস্য মিঠু গাজীকে কুপিয়ে জখম করেছেন বিএনপির কর্মীরা। পরে আওয়ামী লীগের কর্মীরা পিরোজপুর শহরে বিএনপির কর্মী খালিদ মাহমুদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে পিরোজপুর শহরের বাইপাস সড়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে হরতাল-সমর্থকেরা।
কুমিল্লার লাকসাম উপজেলার চিতোষী বাজারে হরতাল-সমর্থক ও হরতালবিরোধীদের সংঘর্ষে ১৩ জন আহত হন। সোমবার রাতে মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর বাজারে আহত হন ২৫ জন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে সংঘর্ষে ২০ জন এবং দিনাজপুরের বিরল উপজেলায় আহত হন ২৫ জন।
রাজশাহীতে সকাল থেকেই পুলিশ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। জেলার চারঘাটে সংঘর্ষে পুলিশসহ তিনজন আহন হন। বাঘায় ভটভটি ভাঙচুরের সময় আটক হয়েছেন পাঁচজন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৩০ জন এবং কুড়িগ্রামের রৌমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত হন আরও ২০ জন।
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের বাড়ির প্রধান ফটকের সামনে সোমবার রাতে পাঁচটি পটকা ফাটানো হয়। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
নওগাঁর রানীনগরে সোমবার রাতে সরকারদলীয় সাংসদ ইসরাফিল আলমের ভাই সিরাজুল ইসলাম চাঁদের রানীনগরের বাসায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় নাশকতার আশঙ্কায় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
রাজধানীর হরতাল চিত্র: তিন দিনের হরতালে রাজধানীতে তিন শতাধিক স্থানে সহস্রাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ককটেল বিস্ফোরণই ছিল ঢাকায় ৬০ ঘণ্টা হরতালের প্রধান অনুষঙ্গ।
গতকালের হরতালে ককটেল বিস্ফোরণে ও গুলিবিদ্ধ হয়ে পুলিশ, সংবাদকর্মীসহ অন্তত আটজন আহত হন। এর আগের দুই দিনেও ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ায় বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। নাশকতার অভিযোগে গতকাল পুলিশ ৪১ জনকে গ্রেপ্তার করেছে। ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিন দিনে মোট ১৪০ জনকে গ্রেপ্তার ও ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল সোয়া ছয়টার দিকে ধানমন্ডি ১৯ নম্বরে হরতাল-সমর্থকদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।
সকাল আটটার দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশকে লক্ষ্য করে তাঁরা ককটেল ছুড়ে মারেন। এতে শাহ আলী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আহত হন। এ সময় কয়েকটি বাস ভাঙচুর করা হয়।
জুরাইনে হরতালকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে রহিমা আক্তার নামের এক শিশু আহত হয়েছে। এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে রহিমা জুরাইন বালুর মাঠে খেলছিল। এ সময় ককটেলের বিস্ফোরণে রহিমার শরীর ঝলসে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাজধানীর বংশালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ভিডিওচিত্রগ্রাহক মাসুদুর রহমানসহ চারজন আহত হন। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে যুবদলের একটি মিছিল বের হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন মিছিলের ছবি তুলতে যান। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এ সময় মাসুদুর রহমানের গায়ে গুলি লাগে। এ ছাড়া ঘটনাস্থলে মো. দুলাল, জাহাঙ্গীর হোসেন ও জামাল হোসেন নামের তিনজন পথচারী আহত হন।
সকাল আটটার দিকে সেগুনবাগিচা এলাকায় একটি মিছিল বের করে হরতাল-সমর্থকেরা। পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে দুই যুবককে আটক করে। সকালে মগবাজার রেলগেট হয়ে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে নির্মলেন্দু রায় (৩২) নামের এক ব্যক্তি আহত হন।
বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বেলা দেড়টার দিকে পল্টন মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে খোরশেদ নামের ব্র্যাক ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আহত হন। ফার্মগেট কুতুববাগ দরবার শরিফের সামনে একটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকেরা।
মহাখালী এলাকায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ের পাশ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরের পর থেকে নগরের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।]